বিনোদন অঙ্গনে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিও ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন প্রবীণ অভিনেতা শুভাশিস মুখার্জি। ভিডিওগুলোতে সমুদ্রতীরে এক তরুণীর সঙ্গে নিরিবিলি সময় কাটাতে দেখা যায় তাকে। এ নিয়ে শুরু হয় নানা জল্পনা-কল্পনা।
গুঞ্জন ওঠে, নিজের মেয়ের বয়সি এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেতা। বিষয়টি নিয়ে তর্ক-বিতর্ক তুঙ্গে উঠলে অবশেষে মুখ খুললেন শুভাশিস মুখার্জি নিজেই।
ভ্রমণের বিষয়টি স্বীকার করলেও প্রেমের গুঞ্জন সরাসরি নাকচ করে দেন তিনি। শুভাশিস জানান, বাস্তব জীবনের নয়—এই সম্পর্ক পুরোপুরি পর্দার গল্প। কৌতুকাভিনেতা রাজু মজুমদারের পরিচালনায় নির্মিত তার প্রথম ছবি ‘ফণীবাবু ভাইরাল’-এর শুটিংয়ের প্রয়োজনে সমুদ্রতীরে যাওয়া হয়েছিল।
এই ছবিতে শুভাশিস মুখার্জির বিপরীতে অভিনয় করছেন তরুণ অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। সিনেমার গল্পে অসম বয়সি এক জুটির প্রেম ও রোম্যান্স তুলে ধরা হয়েছে, যা ইতোমধ্যেই দর্শকের কৌতূহল বাড়িয়েছে।
নিজের চেয়ে অনেক কম বয়সি অভিনেত্রীর সঙ্গে রোম্যান্টিক চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে মজার ছলে শুভাশিস বলেন, ‘ভাবতেই আমার নিজের গায়ে কাঁটা দিচ্ছে।’
তিনি আরও জানান, ছবিতে একাধিক রোম্যান্টিক দৃশ্য ও গান রয়েছে, যা গল্পের গুরুত্বপূর্ণ অংশ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন