ঠিক এক বছর আগে সবাইকে চমকে দিয়ে বিয়ের খবর জানান জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান। যুক্তরাষ্ট্রপ্রবাসী রূপসজ্জাশিল্পী রোজা আহমেদের সঙ্গে তাঁর বিয়ে সে সময় বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিন ধরেই ট্রেন্ডিংয়ে ছিল তাহসানের বিয়ের খবর। তবে বছর না ঘুরতেই সেই সম্পর্কে ছেদ পড়ার খবর সামনে এলো।
সম্প্রতি তাহসান নিজেই জানিয়েছেন, রোজার সঙ্গে তাঁর আর সংসার করা হচ্ছে না। বর্তমানে দুজন আলাদা থাকছেন। এই খবরে ভক্তরা যেমন মর্মাহত হয়েছেন, তেমনি অনেকের মধ্যেই ছিল সম্পর্ক জোড়া লাগার ক্ষীণ আশা। কারণ, বিচ্ছেদের ঘোষণার পরও রোজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাহসানের সঙ্গে তোলা একাধিক ছবি অক্ষত ছিল। এমনকি নিজের নামের সঙ্গে ‘খান’ পদবিও রেখে দিয়েছিলেন রোজা।
তবে সেই আশার জায়গাতেও এবার স্পষ্ট ইতি টানলেন রোজা আহমেদ। ইনস্টাগ্রাম থেকে তাহসানের সব ছবি সরিয়ে ফেলেছেন তিনি। একই সঙ্গে নিজের নাম থেকেও ‘খান’ পদবী বাদ দিয়েছেন। আগে যেখানে তাঁর ইনস্টাগ্রাম নাম ছিল ‘রোজা আহমেদ খান’, সেখানে এখন আর তাহসানের কোনো উপস্থিতি নেই।
এর ফলে দুজনের সম্পর্কের বিচ্ছেদ যে চূড়ান্ত, তা আরও স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন ভক্তরা।
উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং নিউইয়র্কে তাঁর নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে।
এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে। সেই সংসারে তাঁদের এক কন্যাসন্তান রয়েছে—আইরা তাহরিম খান।


