ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাড়া ফেলেছে বলিউড অভিনেত্রীর ‘বিলেত রাজা’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ১১:০৮ এএম
ছবি : সংগৃহীত

ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘রাক্ষস’ নিয়ে দর্শকের কৌতূহল ক্রমেই বাড়ছে। এই সিনেমার মাধ্যমে প্রথমবার বাংলাদেশের সিনেমায় পারফর্ম করেছেন বলিউড ও হলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। অভিনেত্রীর কাজের খবর প্রকাশ্যে আসতেই দর্শকমহলে আগ্রহ সৃষ্টি হয়েছে। অবশেষে প্রকাশ পেয়েছে ‘বিলেত রাজা’ শিরোনামের নাচ নির্ভর আইটেম গানটি।

‘রাক্ষস’ সিনেমার আইটেম গানের সংগীত পরিচালনা করেছেন জিএম আশরাফ, যিনি নিজেই গানটিতে কণ্ঠ দিয়েছেন। সঙ্গে আছেন কণ্ঠশিল্পী দোলা রহমান। গানটির কোরিওগ্রাফি করেছেন বলিউড কোরিওগ্রাফার আদিল শেখ। প্রধান আকর্ষণ ছিলেন নাতালিয়া, যিনি চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গে তাল মিলিয়েছেন।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত, শাহরিন আক্তার সুমি ও আজিম হারুন প্রযোজিত সিনেমাটির শুটিং হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতের মুম্বাইয়ে।

গানটি প্রকাশ্যে আসতেই ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন শাহরিন আক্তার সুমি, মুম্বাইতে গানটির শুটিং হয়েছে। ইউরোপীয় বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী নাতালিয়া প্রথমবার কোনো বাংলা সিনেমায় পারফর্ম করলেন। এক কথায় নাতালিয়া দারুণ করেছেন। গানটি মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সাড়া পাচ্ছি। আশা করছি, দর্শক ‘রাক্ষস’ দেখে নিরাশ হবেন না।

সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের প্রতিক্রিয়া প্রশংসার ভাঁজে ভরা। রিফাত হোসেন লিখেছেন, ‘এই বছরের সেরা আইটেম। সত্যিই মেহেদী হাসান হৃদয় অসাধারণ।’ শাকিল লিখেছেন, ‘এই বছরের সেরা পার্টি সং। বিয়ে বাড়ি হোক বা অনুষ্ঠান, পুরো জমে ক্ষীর।’

অনেকেই গান-ভিডিওর ভূয়সী প্রশংসা করেছেন। চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপে ‘বিলেত রাজা’ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।

উল্লেখ্য, প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি এর আগে ‘বরবাদ’ সিনেমা প্রযোজনা করেছিল। এই সিনেমাটি চিত্রতারকা শাকিব খান অভিনীত এবং ব্লকবাস্টার ব্যবসা করেছিল।