মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স ভক্তদের জন্য বছরের সবচেয়ে বড় চমক নিয়ে আসছে ‘অ্যাভেঞ্জার্স’ ফ্র্যাঞ্চাইজির পঞ্চম কিস্তি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পর্দার উন্মাদনা বাড়িয়ে দিতে প্রস্তুত ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’। সম্প্রতি সিনেমাটির টেস্ট স্ক্রিনিং হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন তোলপাড়।
২০১২ সালে প্রথম ‘অ্যাভেঞ্জার্স’ মুক্তির পর থেকেই সুপারহিরোদের এই দলবদ্ধ লড়াই দর্শকদের মোহাবিষ্ট করে রেখেছে। বিশেষ করে ‘ইনফিনিটি ওয়ার’ ও ‘এন্ডগেম’-এর আকাশচুম্বী সাফল্যের পর পঞ্চম পর্ব নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে। সম্প্রতি মার্ভেল স্টুডিওর প্রধান কেভিন ফাইগি ও নির্বাচিত কিছু দর্শকের জন্য সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত দর্শকদের মতে, এটি মার্ভেলের এখন পর্যন্ত নির্মিত সেরা চলচ্চিত্র হতে যাচ্ছে।
এই সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ হলো ‘ডক্টর ডুম’ হিসেবে রবার্ট ডাউনি জুনিয়রের রাজকীয় প্রত্যাবর্তন। ভক্তদের প্রিয় এই অভিনেতা এবার ভিন্ন এক অবতারে পর্দায় হাজির হবেন। সেই সাথে পরিচালনার দায়িত্বে ফিরেছেন জনপ্রিয় রুশো ব্রাদার্স, যারা এর আগে ব্লকবাস্টার সব সিনেমা উপহার দিয়েছেন। ১৮ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাওয়া এই সিনেমাটি বক্স অফিসের আগের সব রেকর্ড ওলটপালট করে দেবে বলে ধারণা করা হচ্ছে।
‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’-তে ডক্টর ডুমের বিরুদ্ধে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নামবে একঝাঁক সুপারহিরো। এবারের কিস্তিতে অ্যাভেঞ্জার্সদের সাথে দেখা যাবে ফ্যান্টাসটিক ফোর, এক্সম্যান, ওয়াকান্ডানস এবং নিউ অ্যাভেঞ্জার্সদের। বহুমুখী শক্তির এই সংঘাত পর্দায় এক অভূতপূর্ব রোমাঞ্চ তৈরি করবে।
সিনেমাটির আরেকটি বিশেষ চমক হলো বজ্রবিদ্যুতের দেবতা ‘থর’-এর ফিরে আসা। ২০২২ সালের ‘লাভ অ্যান্ড থান্ডার’-এর দীর্ঘ বিরতির পর আবারও ক্রিস হেমসওয়ার্থকে থর হিসেবে বড় পর্দায় দেখা যাবে। বছরের শেষ ভাগে সুপারহিরোদের এই মহামিলন দেখার অপেক্ষায় প্রহর গুনছেন কোটি ভক্ত।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন