বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস (৩ মে) উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সংবাদ শিরোনামের ধরন ও গণমাধ্যমের বর্তমান প্রবণতা নিয়ে তার মন্তব্য নেটিজেনদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
রোববার বিকেল ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেন তিনি। ছবিতে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সিলেট সফরের সময় একসঙ্গে হাঁটতে দেখা যায়। ছবিটি আগের দিন (২ মে) সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।
ছবির ক্যাপশনে শাওন লেখেন, ‘আজ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। দুই বছর আগে কেমন হেডলাইন হতো, এখন কেমন হয়?’—এই প্রশ্নের মাধ্যমে তিনি অতীত ও বর্তমান সময়ের সংবাদ শিরোনামের পার্থক্য তুলে ধরেন।
তার পর্যবেক্ষণে, আগে যেখানে উন্নয়নমূলক খবর—যেমন পদ্মা সেতু, ঢাকা মেট্রোরেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের মতো বিষয় শিরোনামে গুরুত্ব পেত—বর্তমানে সেখানে ব্যক্তিগত বা হালকা বিষয়ক খবর বেশি প্রাধান্য পাচ্ছে।
বর্তমান সময়ের উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকাণ্ড, যেমন স্ত্রীকে ছাতা ধরার ঘটনা, পায়ে হেঁটে অফিস বা দলীয় কার্যালয়ে যাওয়া, এমনকি ব্যক্তিগত পোষা প্রাণী নিয়ে সংবাদও এখন শিরোনামে আসছে।
নিজের এই পর্যবেক্ষণকে ‘পাতি অবজারভেশন’ হিসেবে উল্লেখ করলেও তিনি গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে BBC-এর একটি জরিপের প্রসঙ্গ টেনে জানান, গত ২৫ বছরের মধ্যে বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, এবং সেই সূচকে বাংলাদেশও তিন ধাপ পিছিয়েছে।
শাওনের এই পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন, আবার কেউ ভিন্ন মত প্রকাশ করেছেন। তবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে তার এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


