ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নতুন গান ‘জীবন যাত্রা’ নিয়ে আসছে যাযাবর ব্যান্ড

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ৯, ২০২৬, ০২:৫২ পিএম
ছবি : সংগৃহীত

দেশের সংগীতাঙ্গনে ধারাবাহিকভাবে কাজ করে যাওয়া জনপ্রিয় সংগীতদল যাযাবর ব্যান্ড আবারও নতুন চমক নিয়ে হাজির হচ্ছে। ‘জীবন যাত্রা’ শিরোনামের একটি নতুন মৌলিক গান খুব শিগগিরই প্রকাশ করতে যাচ্ছে দলটি। ইতোমধ্যেই গানটির রেকর্ডিং রাজধানীতে ব্যান্ডটির নিজস্ব স্টুডিওতে সম্পন্ন হয়েছে। নতুন এই গানকে ঘিরে ব্যান্ড সদস্যদের মধ্যে বিরাজ করছে দারুণ উচ্ছ্বাস ও প্রত্যাশা।

‘জীবন যাত্রা’ গানটি জীবনের নানা বাস্তবতা, সংগ্রাম, স্বপ্ন ও অনুভূতির গল্প সুর ও ছন্দে তুলে ধরবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গানের কথা লিখেছেন আকাশ দাশ রিংকু এবং সুর করেছেন ব্যান্ডটির ভোকাল ক্যাপ্টেন। গানটি শ্রোতাদের হৃদয়ে গভীরভাবে নাড়া দেবে বলেই আশাবাদী পুরো দল।

উল্লেখ্য, ২০১৫ সালে ‘বিশ্বাসের একটা ব্যাপার’ অ্যালবামের মাধ্যমে যাযাবর ব্যান্ডের আত্মপ্রকাশ ঘটে। শিশির সাধকের লেখা ও সুরে তৈরি ওই অ্যালবামের টাইটেল গান ‘ভালোবাসা মানে হলো বিশ্বাসের একটা ব্যাপার’ প্রকাশের পরই ব্যাপক সাড়া ফেলে এবং ব্যান্ডটিকে শ্রোতাদের মধ্যে বিশেষ পরিচিতি এনে দেয়।

তবে ব্যান্ডটির যাত্রা শুরু হয়েছিল আরও আগে, ২০১৩ সালে। সে সময় ছিল সিডি ও ক্যাসেটের শেষ সময়, যখন সংগীতশিল্পে টিকে থাকা ছিল বেশ চ্যালেঞ্জিং। তবুও সাহস ও ভালোবাসাকে পুঁজি করে যাযাবর ব্যান্ড এগিয়ে যায় নিজেদের স্বপ্নপূরণের পথে। শুরু থেকেই তারা মৌলিক গান এবং ভিন্নধর্মী সুর-সংগীতের মাধ্যমে নিজেদের আলাদা পরিচয় গড়ে তুলতে সক্ষম হয়েছে।

এরপর থেকে দেশের বিভিন্ন স্থানে স্টেজ শো, টেলিভিশন লাইভ পারফরম্যান্স এবং দেশের বাইরেও সংগীত পরিবেশনের মাধ্যমে তারা নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। শ্রোতাদের ভালোবাসা ও সমর্থনই তাদের পথচলার প্রধান অনুপ্রেরণা বলে মনে করেন ব্যান্ড সদস্যরা।

বর্তমানে ‘জীবন যাত্রা’ গানটির পাশাপাশি যাযাবর ব্যান্ড আরও বেশ কিছু নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছে। বাংলা গানের ঐতিহ্যকে নতুনভাবে উপস্থাপন করার লক্ষ্য নিয়ে তারা কাজ করছে লালন সাঁইজির গানসহ বিভিন্ন লোকগানের ওপর। পুরোনো দিনের গানের মর্মবাণী অক্ষুণ্ণ রেখে আধুনিক সংগীতায়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে সেগুলো পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

ব্যান্ডটির পক্ষ থেকে জানানো হয়, শুধু বিনোদন নয় বাংলা গানের শিকড়কে শক্তিশালী করা এবং নতুন প্রজন্মকে বাংলা সংগীতের প্রতি আগ্রহী করে তোলাও তাদের অন্যতম লক্ষ্য। তারা বিশ্বাস করেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে উপস্থাপনায় পরিবর্তন আনলেও বাংলা গানের আসল সৌন্দর্য ও আবেগ অটুট রাখা সম্ভব।

সব মিলিয়ে, নতুন গান ‘জীবন যাত্রা’ এবং চলমান অন্যান্য সংগীত প্রজেক্টের মাধ্যমে যাযাবর ব্যান্ড আবারও সংগীতপ্রেমীদের মধ্যে নতুন করে সাড়া ফেলবে এমনটাই প্রত্যাশা ভক্ত-শ্রোতাদের।