বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও বাংলা কনটেন্টভিত্তিক প্রতিষ্ঠান লেখালিখির যৌথ উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘স্টোরি টু স্ক্রিনপ্লে: ফ্রম আইডিয়া টু সিনেমা (চিন্তা থেকে চিত্রনাট্য: বড় পর্দার ভাষা শেখা)’ শীর্ষক কর্মশালা।
কর্মশালায় অংশ নেন চলচ্চিত্রপ্রেমী ও গল্প নিয়ে কাজ করতে আগ্রহী ২৫ জন অংশগ্রহণকারী। আয়োজনজুড়ে আলোচনা করা হয় কীভাবে একটি সাধারণ ধারণাকে ধাপে ধাপে দৃশ্য, ঘটনা ও পূর্ণাঙ্গ চিত্রনাট্যে রূপ দেওয়া যায় এবং সেটিকে দর্শক উপযোগী করে তোলা সম্ভব।
কর্মশালার মূল লক্ষ্য ছিল একটি এক লাইনের ভাবনাকে কীভাবে প্রথমে ধারণা, পরে দৃশ্য এবং শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ গল্পে রূপান্তর করা যায় সেই প্রক্রিয়া সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা প্রদান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ম. জাভেদ ইকবাল। এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মোহাম্মদ আলী সরকার এবং পরিচালক ফারহানা রহমান।
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ম. জাভেদ ইকবাল চলচ্চিত্র ও গল্পভিত্তিক এমন আয়োজনের সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কর্মশালা আয়োজনের সম্ভাবনার কথা তুলে ধরেন।
পরিচালক ফারহানা রহমান অংশগ্রহণকারীদের সামনে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগ সম্পর্কে আলোকপাত করেন।
প্রকল্প পরিচালক মোহাম্মদ আলী সরকার বলেন, এ ধরনের সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে সরকারের সাংস্কৃতিক উদ্যোগে তরুণ ও আগ্রহীদের আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব।
‘চিন্তা থেকে চিত্রনাট্য’ কর্মশালার প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তানভীর চৌধুরী। তার রচিত চিত্রনাট্যে নির্মিত ‘সোলজার’ চলচ্চিত্রটি, যেখানে অভিনয় করেছেন শাকিব খান ও তানজিন তিশা, শিগগিরই দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে।
তানভীর চৌধুরী বলেন, এখনও অনেক মানুষের মধ্যে গল্প লেখা ও চিত্রনাট্য নির্মাণের কৌশল শেখার আগ্রহ রয়েছে এটি অত্যন্ত আশাব্যঞ্জক। এ ধরনের কর্মশালার প্রয়োজনীয়তা তাই দিন দিন আরও বাড়ছে।
কর্মশালায় গল্পের নৈতিকতা ও এথিক্স বিষয়ে সেশন পরিচালনা করেন লেখালিখির উদ্যোক্তা সৈয়দা ফারজানা জামান রুম্পা। তিনি জানান, ভবিষ্যতে দেশের বিভিন্ন অঞ্চলের আগ্রহী অংশগ্রহণকারীদের নিয়ে আরও বিস্তৃত পরিসরে কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

