ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর অভিনেত্রী রুকাইয়া জাহান চমক হত্যার হুমকি পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। চমকের দাবি, ভারতীয় আধিপত্যবাদী শক্তি আওয়ামী লীগ সংশ্লিষ্টরা তার মোবাইল ফোনে এই হুমকি দিয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) হুমকি পাওয়ার পর অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ফেসবুক লাইভে এসে বিষয়টি প্রকাশ করেন।
তিনি জানান, সকাল থেকেই বিভিন্ন নম্বর থেকে তার মোবাইলে কল আসতে থাকে। পরিস্থিতির কারণে তিনি মোবাইল ফোন বন্ধ করে রাখতে বাধ্য হন। চমকের ভাষ্য অনুযায়ী, তার ধারণা এবং আশপাশের অনেক শুভাকাঙ্ক্ষী তাকে জানিয়েছেন—তার জীবনের ওপর সরাসরি হুমকি রয়েছে।
গত শুক্রবার নয়াপল্টনের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারের সময় মাথায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। এই হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সেদিনই চমক তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন।
সেখানে তিনি লেখেন, ‘হাদি হয়তো ফিরবে, আরও জোরালো গর্জনে। আর যদি না ফেরে, তার নামটাই হয়ে যাবে নতুন প্রজন্মের যুদ্ধ ঘোষণা।’ ওই স্ট্যাটাস দেওয়ার পর থেকেই তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
চমকের ওই ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেছেন। একজন মন্তব্য করেন, ‘যথার্থ বলেছেন।’ আরেকজন লেখেন, “হাদি ভাইকে ফিরতেই হবে।’
অভিনেত্রী চমক ছাড়াও শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য মানুষ ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন