ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রেমিকার সঙ্গে নতুন বাড়িতে উঠছেন আমির খান

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০২:২৫ পিএম
আমির খান ও তার প্রেমিকা গৌরী । ছবি : সংগৃহীত

বলিউড তারকা আমির খান ও তার প্রেমিকা গৌরী স্প্রাট জীবনের নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছেন। খুব শিগগিরই মুম্বাইয়ের একটি অভিজাত বাড়িতে একসঙ্গে থাকতে যাচ্ছেন এই তারকা জুটি।

জানা গেছে, নতুন বাসস্থানটি আমির খানের পরিবারের বর্তমান বাসভবনের কাছাকাছি এলাকাতেই অবস্থিত।

গত বছর নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করার পর থেকেই বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে আমির এবং গৌরীকে একসঙ্গে দেখা গেছে। এবার একই ছাদের নিচে থাকার সিদ্ধান্ত তাদের সম্পর্কের দৃঢ়তাকেই আরও স্পষ্ট করল বলে মনে করছেন অনেকে।

সম্প্রতি বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির খান তার সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন।

তিনি বলেন, ‘গৌরী আর আমি একে অপরকে নিয়ে খুব সিরিয়াস। আমরা গভীরভাবে কমিটেড এবং একে অপরের পার্টনার। আমি তো ওকে এরইমধ্যে আমার হৃদয়ে বিয়ে করে ফেলেছি। এখন সেটা কাগজে-কলমে হবে কি না, সময়ই বলবে।’

এর আগেও বিয়ে ও সম্পর্ক নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন আমির খান। টুইঙ্কল খান্না ও কাজলের একটি শোতে তিনি বলেন, ‘যখন আপনি সত্যিই কাউকে নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ হন, তখন শুধু কাগজে সই করাটাই বিয়ে নয়। অনেক সময় গভীরভাবে যুক্ত থাকাটাই বিয়ের মতো।’

প্রসঙ্গত, গৌরী স্প্রাট বেঙ্গালুরুর বাসিন্দা। তিনি একটি বহুসাংস্কৃতিক পরিবারে বড় হয়েছেন। তার বাবা তামিল-ব্রিটিশ এবং মা পাঞ্জাবি-আইরিশ বংশোদ্ভূত। লন্ডন থেকে স্টাইলিং ও ফটোগ্রাফিতে ডিগ্রি অর্জন করেছেন গৌরী। বর্তমানে তিনি আমির খানের প্রযোজনা সংস্থার সঙ্গেও যুক্ত। গৌরীর একটি ছয় বছর বয়সি সন্তান রয়েছে।

অন্যদিকে, আমির খান প্রথম বিয়ে করেন রীনা দত্তকে। তাদের দুই সন্তান রয়েছে। পরে ২০০৫ সালে তিনি পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন। ২০২১ সালে তাদের বিচ্ছেদের ঘোষণা এলেও দুজন এখনো ছেলে আজাদের যৌথ অভিভাবকত্বে করছেন।

আমির খানের ৬০তম জন্মদিনে গৌরী স্প্রাটের সঙ্গে তার সম্পর্ক প্রকাশ্যে আসে। এরপর থেকেই বলিউডে এই জুটিকে ঘিরে দর্শক ও অনুরাগীদের আগ্রহ তুঙ্গে।