বছরের শুরুতেই কোটি ভক্তের হৃদয় ভেঙে প্লেব্যাক থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। গায়কের এমন আকস্মিক ঘোষণায় স্তম্ভিত পুরো সংগীতজগত।
গত এক দশক ধরে সুরের জাদুকর অরিজিৎ সিং হৃদয় ছোঁয়ার মতো অসংখ্য গান উপহার দিয়েছেন সংগীতপ্রেমীদের। কিন্তু এবার সে পথে রাশ টানার সিদ্ধান্ত নিয়েছেন গায়ক।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় এক সোশ্যাল মিডিয়া বার্তায় অরিজিৎ জানান, প্লেব্যাক গায়কের দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন তিনি।
তার ভাষায়, সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। গত কয়েক বছর ধরে শ্রোতা হিসেবে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি আজ জানাচ্ছি যে, প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আমি আর কোনো নতুন কাজ গ্রহণ করব না। আমি এখানেই শেষ করছি। এটা ছিল এক অসাধারণ সফর।
তবে একেবারে সংগীতজীবনকে ‘না’ বলেননি গায়ক। ভক্তদের নিরাশ না করে তিনি জানান, গান গাওয়া বা সংগীত তৈরি তিনি থামাবেন না। কিন্তু বাণিজ্যিক সিনেমার প্লেব্যাক থেকে তিনি দূরে সরে আসতে চান।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অরিজিৎ জানান, এখন থেকে নিজের স্বাধীন মিউজিক লেবেল ‘ওরিয়ন মিউজিক’ এবং নিজস্ব সৃষ্টিতেই বেশি সময় দিতে চান।
তিনি বলেন, ঈশ্বর আমার ওপর সদয় হয়েছেন। আমি ভালো সংগীতের ভক্ত এবং ভবিষ্যতে একজন ছোট শিল্পী হিসেবে নিজের মতো করে আরও অনেক কিছু শিখতে এবং সৃষ্টি করতে চাই।
অরিজিতের এই ঘোষণায় মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে শোকের ছায়া নেমে আসে। তবে পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী, এ বছরেই গায়কের কিছু নতুন গান রিলিজ পাওয়ার কথা রয়েছে।


