ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

শুটিং সেটে দুর্ঘটনায় গুরুতর আহত জুনিয়র এনটিআর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ১০:২৬ পিএম
জুনিয়র এনটিআর। ছবি : সংগৃহীত

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর শুটিং সেটে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালে কাঁধে আঘাত পান তিনি। পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জুনিয়র এনটিআরের অফিসিয়াল টিম এক বিবৃতিতে জানিয়েছে, চিকিৎসক ড. জে. মধুসূদন রাও ও ড. আর. পুরমচন্দ্র তেজস্বীর নেতৃত্বাধীন মেডিকেল টিম তার শারীরিক অবস্থা পরীক্ষা করেছেন। চিকিৎসকরা তাকে আগামী ৬ থেকে ৮ সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এ সময় তিনি শুটিংসহ সব ধরনের কাজ থেকে বিরত থাকবেন।

বিবৃতিতে ভক্তদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, জুনিয়র এনটিআরের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। চিকিৎসকরা আশা করছেন, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তার শারীরিক অগ্রগতির বিষয়ে সময়মতো আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

জানা গেছে, পরিচালক প্রশান্ত নীলের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ড্রাগনের’ শুটিং চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। তবে কোন অ্যাকশন দৃশ্য ধারণের সময় তিনি আহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

‘কেজিএফ’ ও ‘সালার’ খ্যাত নির্মাতা প্রশান্ত নীল পরিচালিত এই সিনেমায় জুনিয়র এনটিআর ‘লুগার’ নামের এক নির্মম ভাড়াটে খুনির চরিত্রে অভিনয় করছেন। তার বিপরীতে বলিউড অভিনেতা অনিল কাপুরকে দেখা যাবে ভারতের নারকোটিক্স ব্যুরোর প্রধানের ভূমিকায়।

ছবিটিতে আরও অভিনয় করছেন রুক্মিণী বসন্ত, আশুতোষ রানা, খুশবু সুন্দরসহ অনেকে। গত মে মাসে জুনিয়র এনটিআরের জন্মদিন উপলক্ষে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করা হয়। নির্মাতাদের ঘোষণা অনুযায়ী, বড় বাজেটের এই সিনেমাটি ২০২৭ সালের ১১ জুন বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।