বিয়ের প্রায় এক দশক পর সংসার ভাঙার খবর জানালেন অভিনেত্রী আফসান আরা বিন্দু। তিনি জানান, ২০১৪ সালে আসিফ সালাহউদ্দিন মালিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও ২০২২ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়েছে। তবে আলাদা থাকা শুরু হয় আরও আগে, ২০১৭ সাল থেকেই।
সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে নিজের বিচ্ছেদের কথা বলেন বিন্দু। সেখানে তাকে বিবাহবিচ্ছেদ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘হ্যাঁ, আমার বিবাহবিচ্ছেদ হয়েছে।’ কবে—এমন প্রশ্নে কিছুটা নীরব থেকে দীর্ঘশ্বাস ফেলে তিনি জানান, ‘২০২২ সালে।’
বিন্দু বলেন, আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে আগে কিছু জানানো হয়নি। সে কারণে অনেকের মধ্যেই বিভ্রান্তি রয়েছে। অনেকে মনে করেন, আমি এখনও বিবাহিত। অনেকে আবার অস্বস্তির কারণে প্রশ্নও করেন না। কিন্তু বাস্তবতা হলো, আমি বিবাহিত নই। আমার সংসারের যাত্রাটা খুব ছোট ছিল। মাঝখানে দীর্ঘ সময়ের একটি বিচ্ছেদ ছিল, বলেন তিনি।
সঞ্চালকের প্রশ্নে বিন্দু জানান, ২০১৭ সাল থেকেই তারা আলাদা থাকছিলেন।
আলাদা হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, অনেক সময় আলাদা হওয়ার পেছনে বড় কোনো ঘটনা বা কারণ থাকে। আবার অনেক সময় খুব বড় কোনো কারণেরও প্রয়োজন হয় না।
অভিনয়ে নিয়মিত থাকা বিন্দুকে সবশেষ দেখা গেছে মিজানুর রহমান আরিয়ানের ওয়েব ফিল্ম উনিশ২০-এ। সেখানে তার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ।

