দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মা হওয়ার গুঞ্জন, ট্রল ও কটূক্তি নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন চলচ্চিত্র অভিনেত্রী শবনম বুবলী। ব্যক্তিগত জীবন ঘিরে অপপ্রচার ও বুলিংয়ের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এসবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
গত বছরের শেষদিকে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাতে গিয়েছিলেন বুবলী। সে সময় তার সঙ্গে ছিলেন চিত্রনায়ক শাকিব খান ও তাদের ছেলে বীর। দেশে ফেরার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়ায়—বুবলী নাকি আবার মা হতে চলেছেন। বিষয়টি নিয়ে নেটিজেনদের নানা মন্তব্য ও কৌতূহল তৈরি হয়। গত সপ্তাহে এক অনুষ্ঠানে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে বুবলী ব্যক্তিগত বিষয় উল্লেখ করে এড়িয়ে যান। তবে এতে গুঞ্জন থামার বদলে আরও ছড়িয়ে পড়ে, সঙ্গে বাড়তে থাকে ট্রল ও কটূক্তি।
সম্প্রতি রাজধানীর একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে এ বিষয়ে প্রথমবারের মতো সরাসরি প্রতিক্রিয়া জানান বুবলী। তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় যেভাবে ট্রল ও বুলিং হচ্ছে, তা দেখে আমার অনেক সহকর্মীই আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন। এতদিন আমি কখনোই এসবের বিরুদ্ধে আইনানুগ পথে যাইনি। কিন্তু এখন মনে হচ্ছে, চুপ থাকার কারণে বিষয়টি আরও বেশি বাড়ছে।’
গুজব ছড়ানোর পেছনের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে অভিনেত্রী বলেন, ‘দুঃখজনকভাবে ইদানীং মেয়েরাই মেয়েদের নিয়ে বেশি ট্রল করছে। এমনকি হিজাব পরা কিছু আপুও এসব গুজব নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে ভিডিও বানাচ্ছে। আমার মনে হয়, এটি শুধু একজন মানুষকে হেয় করা নয়, বরং আমাদের ধর্মকেও অবমাননা করা। ইসলামে গীবতকে সবচেয়ে জঘন্য কাজগুলোর একটি বলা হয়েছে।’
দেশে ও দেশের বাইরে শিল্পীদের নিয়ে নেতিবাচক চর্চা বন্ধ হওয়া উচিত বলেও জানান বুবলী। তিনি বলেন, ‘আমাদের শিল্পীদের যেভাবে ছোট করা হচ্ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই এসব বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি। আশা করছি, বিষয়টি দ্রুতই দেশের সাইবার ক্রাইম বিভাগের নজরে আসবে।’
এদিন দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও নিজের মতামত জানান এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি কখনোই কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না। আমার বিশ্বাস, দেশের সেবা করতে হলে রাজনীতিতেই থাকতে হবে—এমন নয়। যেকোনো পেশা থেকেই মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। একজন সচেতন নাগরিক হিসেবে আমি চাই দেশে স্থিতিশীলতা আসুক এবং সবাই ইতিবাচক পরিবেশে কাজ করার সুযোগ পাক।’
উল্লেখ্য, এক অনুষ্ঠানে বুবলীর নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পরই তার মা হওয়ার গুঞ্জনের সূত্রপাত। ভিডিওটি দেখে অনেকেই দাবি করেন, সেখানে নাকি তার ‘বেবিবাম্প’ বোঝা গেছে। পরে কয়েকটি অনুষ্ঠানে ঢিলেঢালা পোশাকে তার উপস্থিতি সেই গুঞ্জন আরও উসকে দেয়।
-20251230050431.webp)

