চিত্রনায়িকা শবনম বুবলী এবার গায়িকা হিসেবে দর্শকদের সামনে আসছেন। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির ঈদ বিশেষ আয়োজনে গান পরিবেশন করবেন তিনি। এ পরিবেশনায় তার সঙ্গে থাকবেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল।
আয়োজক সূত্র জানিয়েছে, পেশাদার কণ্ঠশিল্পী না হয়েও বুবলী অত্যন্ত চমৎকারভাবে গানটি গেয়েছেন। ফলে ঈদের বিশেষ ‘ইত্যাদি’র অন্যতম আকর্ষণ হিসেবে ধরা হচ্ছে এই পরিবেশনাকে। গানটির কথা লিখেছেন প্রখ্যাত গীতিকবি কবির বকুল এবং সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল নিজেই।
গত ২৪ জানুয়ারি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বহিরাঙ্গনে নির্মিত ‘ইত্যাদি’র বিশাল সেটে গানটির চিত্রধারণ সম্পন্ন হয়।
এর আগে ‘ইত্যাদি’র মঞ্চে অভিনয়শিল্পী তাসনিয়া ফারিণ, সিয়াম আহমেদ এবং জান্নাতুল সুমাইয়া হিমি গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন। সেই ধারাবাহিকতায় এবার বুবলী ও ইমরানের যুগলবন্দি দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে বলে আশা করা হচ্ছে।
হানিফ সংকেত পরিচালিত ‘ইত্যাদি’তে প্রতি বছরই বিশেষ পরিকল্পনা ও বৈচিত্র্যময় পরিবেশনা থাকে। অতীতে এ মঞ্চে গান পরিবেশন করেছেন ইলিয়াস কাঞ্চন, পারভীন সুলতানা দিতি, মৌসুমী, নোবেল এবং অপি করিমসহ আরও অনেকে।
জানা গেছে, ঈদের বিশেষ ‘ইত্যাদি’ প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-র পর্দায়।


