জনপ্রিয় তারকা আনিকা কবির শখ অভিনীত প্রথম চলচ্চিত্র ‘বলো না তুমি আমার’ মুক্তি পায় ২০১০ সালের ২২ অক্টোবরে। জীবনের প্রথম সিনেমার শুটিং করতে থাইল্যান্ড গিয়েছিলেন শখ; সঙ্গে মেগাস্টার শাকিব খান। সে সময় মাঝসমুদ্রে হাঙরের ভয় পাচ্ছিলেন শখ। অভিনেত্রীকে ভয় পেতে দেখে শাকিব খানও মজা করে বলেছিলেন, ‘শখ, দেবো নাকি তোমাকে ফেলে!’
এরকম অনেক অজানা গল্প আনিকা কবির শখ শেয়ার করেছেন মাছরাঙা টেলিভিশনের প্রতিদিন সকালের আয়োজন ‘রাঙা সকাল’-এর বিশেষ ঈদ পর্বে।
আনিকা কবির শখ অভিনেত্রী, নৃত্যশিল্পী, মডেল সবাই জানেন। তবে অনেকেই জানেন না, ছোটবেলায় দুই বছর গান শিখেছিলেন তিনি এবং সে সময় দেশাত্মবোধক গানে স্বর্ণপদকও পেয়েছিলেন। যদিও পরবর্তীতে শখের বশে গেন্ডারিয়ায় নাচের স্কুলে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে এখন পর্যন্ত নাচের মঞ্চে তিনি ভীষণ উজ্জল।
২০০৭ সালে চীনে ১৪৭টি দেশের মধ্যে নাচের প্রতিযোগিতায় বাংলাদেশ প্রথম পুরস্কার জয় করে নিয়েছিল। সেই দলেও ছিলেন আনিকা কবির শখ।
তিনি জানান, তার মডেলিং ক্যারিয়ার শুরু হয়েছিল অমিতাভ রেজা চৌধুরীর হাত ধরে। দ্বিতীয় বিজ্ঞাপনেই তিনি নির্মাতা হিসেবে পেয়েছিলেন মোস্তফা সরয়ার ফারুকীকে।
রুম্মান রশীদ খান ও সুস্মিতার সঙ্গে আলাপচারিতায় শখ জানিয়েছেন, ২০০২ সালে ‘স্বাক্ষর’ এবং পরবর্তীতে ‘নিক্তি’ নাটকে শিশুশিল্পীর চরিত্রে অভিনয় করেন। বড় বেলায় ‘অদ্ভুতুরে’ ছিল তার প্রথম ধারাবাহিক। শখের নাম রাখার গল্পটিও বেশ মজার।
তিনি বলেন, ‘আমার মা যখন সাত মাসের অন্তঃসত্ত্বা, সে সময় ঠিক হয় লটারী করে আমার নাম রাখা হবে। মা-বাবার বিয়ের অনেক বছর পর আমার জন্ম হয়, তাই বেশ কয়েকটি নামের মধ্যে শখ ছিল। শিশুদের দিয়ে সে নামগুলো তোলা হয় এবং কাকতালীয়ভাবে তিনবারই ‘শখ’ নামটি আসে। সে কারণেই আমার নাম রাখা হয় ‘শখ’।’
ঈদের ৫ম দিন সকাল ৭টা থেকে ৮টায় প্রচারিত হবে এই বিশেষ পর্বটি। প্রযোজনা করেছেন জোবায়ের ইকবাল।


