ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এবার বিজ্ঞাপনে দেখা যাবে অনন্ত-বর্ষার ‘বাস্তব জীবনের গল্প’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ১০:০২ এএম
বর্ষা ও অনন্ত। ছবি : সংগৃহীত

ঢালিউডের আলোচিত ও জনপ্রিয় তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। পর্দায় তাদের রসায়ন সবসময়ই দর্শকদের বাড়তি আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। তবে এবার রুপালি পর্দার কোনো ফিকশন নয়, বরং নিজেদের বাস্তব জীবনের গল্প নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন এই তারকা জুটি।

একটি নতুন বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে তাদের, যেখানে উঠে আসবে তাদের ব্যক্তিজীবনের নানা অজানা দিক এবং রসায়ন।

অনন্ত-বর্ষাকে নিয়ে এই বিশেষ বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন তরুণ পরিচালক হিরু খান। সম্প্রতি ঢাকা এবং ঢাকার আশেপাশের বিভিন্ন মনোরম লোকেশনে এর দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। নির্মাতা সূত্রে জানা গেছে, বিজ্ঞাপনটির চিত্রনাট্যে এই তারকা দম্পতির বাস্তব জীবনের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।

নতুন এই কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত চিত্রনায়ক অনন্ত জলিল। তিনি বলেন, “অনেক দিন পর দারুণ একটি কাজ করলাম। পুরো টিমের মধ্যে কাজটি ভালো করার জন্য এক ধরণের আন্তরিকতা ছিল। আমার বিশ্বাস, এটি যখন প্রচারে আসবে, দর্শকদের অনেক ভালো লাগবে।”

কেবল অনন্ত-বর্ষাই নন, এই বিজ্ঞাপনচিত্রে আরও একঝাঁক পরিচিত মুখকে দেখা যাবে। এতে অভিনয় করেছেন দ্বীন ইসলাম, প্রিয়াঙ্কা পিউ, তন্ময় সূর্য, শোভব, পারভেজ আনোয়ার, শুভ ও ফয়সাল।

নির্মাণ কাজ শেষে বর্তমানে বিজ্ঞাপনচিত্রটি সম্পাদনার টেবিলে রয়েছে। নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে একযোগে এটি প্রকাশ করা হবে।

অনন্ত-বর্ষার বাস্তব জীবনের গল্প এবং পর্দার বাইরের রসায়ন এই বিজ্ঞাপনে কতটুকু ফুটে ওঠে, এখন সেটাই দেখার অপেক্ষায় ভক্তরা।