দর্শকপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জংলি’ চলতি বছরের ৩১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এরপর আর নতুন সিনেমায় দেখা যায়নি তাকে।
নতুন খবর হচ্ছে, সম্প্রতি ‘রাক্ষস’ নামের একটি সিনেমায় যুক্ত হয়েছেন এই নায়ক। তার বিপরীতে শুরুতে ‘প্রিয়তমা’খ্যাত ওপার বাংলার চিত্রনায়িকা ইধিকা পালের অভিনয়ের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত ছিটকে পড়লেন এই নায়িকা।
সূত্রের খবর, সিয়ামের নতুন নায়িকা হচ্ছেন ওপার বাংলার আরেক অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে এমনটাই জানা গেছে। যদিও এ নিয়ে আপাতত মুখে কুলুপ এঁটেছেন সংশ্লিষ্টরা।
বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় এফডিসিতে এই সিনেমার মহরত অনুষ্ঠিত হবে। সিনেমাটি পরিচালনায় আছেন ‘বরবাদ’র মেহেদী হাসান হৃদয়। ‘রাক্ষস’ হতে যাচ্ছে সিয়াম-সুস্মিতার প্রথম সিনেমা।
ইতিমধ্যে গত ১০ দিন ধরে ঢাকায় চুপিসারে ‘রাক্ষস’ সিনেমার শুটিং করছেন নায়িকা। আগামী বছরের পবিত্র ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান। একটানা কাজ করে শেষ হবে সিনেমার দৃশ্য ধারণ।
উল্লেখ্য, টালিউডের নতুন প্রজন্মের স্টার সুস্মিতা। মডেলিং দিয়ে যাত্রা শুরু, এখন অভিনয়ে ব্যস্ত। কিছুদিন আগে ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে প্রেমচর্চায় বেশ আলোচনায় এসেছিলেন তিনি।
সৃজিতের নতুন সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে সুস্মিতা তার সঙ্গে প্রথমবার কাজ করছেন। এই কাজের মধ্য দিয়ে দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এরপর থেকে আলোচনায় এই অভিনেত্রী।


