বসন্তের প্রথম দিনের নরম রোদ, মৃদু হাওয়া আর হলুদের আবেশে নিজেকে অনন্য আভায় সাজালেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ঋতুর এই রঙিন আবাহনে তার উপস্থিতি যেন প্রকৃতির সঙ্গেই মিশে একাকার।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বসন্তের শুভেচ্ছা জানিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেন তিনি।
এই অভিনেত্রী ক্যাপশনে ছোট্ট করে লেখেন, ‘বসন্ত এসে গেছে’- আর তাতেই যেন ভক্তদের মনে লেগে যায় ঋতুর মিষ্টি পরশ।
হালকা হলুদ রঙের শাড়িতে ধরা দেন মেহজাবীন। শাড়ির ওপর সাদা ফ্লোরাল মোটিফের সূক্ষ্ম নকশা পুরো সাজে এনে দেয় কোমল ও শৈল্পিক আবহ। এর সঙ্গে স্লিভলেস ব্লাউজ তার লুকে যোগ করেছে আধুনিকতা আর পরিপাট্যের ছোঁয়া- সাদামাটা অথচ দৃষ্টিনন্দন।
অলঙ্কারেও ছিল নান্দনিকতার ছাপ। গলায় মাল্টি-লেয়ার মুক্তোর চোকার, হাতে ব্রেসলেট ও আঙুলে রিং- সব মিলিয়ে পার্ল জুয়েলারিতে ফুটে উঠেছে রাজকীয় ঐতিহ্যের আভিজাত্য। ছোট্ট মুক্তার ব্যাগটি পুরো সাজে যোগ করেছে আলাদা স্টাইল স্টেটমেন্ট।
মেকআপ ছিল একেবারেই হালকা ও প্রাকৃতিক। খোলা চুল আর স্নিগ্ধ সাজে তাকে লাগছিল সতেজ, প্রাণবন্ত আর বসন্তের মতোই উজ্জ্বল।
সিম্পল কিন্তু ক্লাসি ফ্যাশন স্টেটমেন্টে বরাবরই নজর কাড়েন মেহজাবীন। এবারের বসন্ত সাজেও তার ব্যতিক্রম হয়নি। সরলতায় যে সৌন্দর্য, তা আবারও প্রমাণ করলেন তিনি- আর ভক্তদের উপহার দিলেন রঙিন এক বসন্তের অনুভব।

