ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ব্রেন টিউমারে আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১২:৪৬ এএম
অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ছবি : সংগৃহীত

ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন মডেল ও অভিনয়শিল্পী তানিয়া বৃষ্টি। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তানিয়া বৃষ্টির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তার শারীরিক অসুস্থতার কথা জানানো হয়। পোস্টে বলা হয়, ‘আমাদের সবার প্রিয় তানিয়া বৃষ্টি বর্তমানে শারীরিকভাবে বেশ অসুস্থ। এ মুহূর্তে তার সম্পূর্ণ বিশ্রাম ও চিকিৎসা প্রয়োজন। শুটিং বা কাজ–সংক্রান্ত বিষয়ে আপাতত ফোনকল বা খুদে বার্তা দিয়ে বিরক্ত না করার জন্য অনুরোধ করা হচ্ছে। সুস্থ হয়ে উঠলে ইনশা আল্লাহ নিজে থেকেই সবাইকে জানানো হবে।’

এরপর শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে তানিয়া বৃষ্টি লেখেন, ‘ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আমার পরিবারের পক্ষ থেকে ফুল। ভালোবাসি। কাল আমার মাথায় অস্ত্রোপচার, দোয়া করবেন সবাই। ব্রেন টিউমার।’

তানিয়া বৃষ্টির অসুস্থতার খবরে তার সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত সুস্থতার জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ বিষয়ে কথা হয় পরিচালক সকাল আহমেদের সঙ্গে। গণমাধ্যমকে তিনি বলেন, বেশ কিছুদিন ধরেই তানিয়া শারীরিকভাবে অসুস্থতা অনুভব করছিলেন। কখনো তীব্র মাথাব্যথা, কখনো জ্বর ও ঠান্ডাজনিত সমস্যা দেখা দিচ্ছিল। তবে বিষয়টি শুরুতে গুরুত্ব দিয়ে দেখা হয়নি।

সকাল আহমেদ আরও জানান, কয়েক দিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষার পর জানা যায়, তিনি ব্রেন টিউমারে আক্রান্ত।

পরে তাকে আরেকটি হাসপাতালে স্থানান্তর করা হয়। আজ বিকেল চারটার দিকে তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যা সাতটার দিকে তিনি বলেন, খোঁজ নিয়ে জেনেছি, অস্ত্রোপচার চলছে। মস্তিষ্কের বিষয় হওয়ায় স্বাভাবিকভাবেই কিছুটা উদ্বেগ আছে। অস্ত্রোপচার সফল হলে আজ রাতটা পোস্ট অপারেটিভ পর্যবেক্ষণে রাখা হবে। আগামীকাল সোমবার যেকোনো সময় তাঁকে কেবিনে নেওয়া হতে পারে।