চলতি বছরের মার্চে লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানার সঙ্গে বিচ্ছেদের খবর জানিয়েছিলেন অভিনেত্রী মৌসুমী হামিদ। এবার ব্যক্তিগত জীবনের নতুন সুখবর জানালেন এই অভিনেত্রী। বলেছেন, তিনি মা হতে চলেছেন। একই সঙ্গে প্রকাশ্যে এনেছেন নিজের দ্বিতীয় বিয়ের খবরও। রাজধানীতে আয়োজিত ‘চরকি কার্নিভ্যাল’-এ উপস্থিত হয়ে নিজেই এ দুই সুখবর জানান অভিনেত্রী।
গতকাল শুক্রবার (৩ জুলাই) আয়োজিত ওই অনুষ্ঠানে রেড কার্পেটে হেঁটে আসার পর সহকর্মীদের উদ্দেশে হাসিমুখে মৌসুমী বলেন, ‘আমি মা হতে চলেছি। এই দেখ, আমার সন্তান।’
তার এমন ঘোষণায় মুহূর্তেই চমকে যান উপস্থিত শিল্পী ও অতিথিরা। অভিনেত্রী মুমতাহিনা টয়া, সৈয়দ জামান শাওনসহ অনেকেই এগিয়ে এসে তাকে শুভেচ্ছা জানান। টয়া হবু মা ও অনাগত সন্তানের জন্য শুভকামনাও জানান।
এদিন শুধু মা হওয়ার খবরই নয়, নিজের স্বামীর সঙ্গেও সবাইকে পরিচয় করিয়ে দেন মৌসুমী। জানা যায়, তার স্বামীর নাম আবদুল ওয়াদুদ। এর মধ্য দিয়েই প্রকাশ্যে আসে অভিনেত্রীর দ্বিতীয় বিয়ের বিষয়টি।
মৌসুমী হামিদ বলেন, ‘অনেকেই ভুলভাবে খবর প্রকাশ করবে-এই ভেবে এত দিন কাউকে কিছু জানাইনি। তাই চরকি কার্নিভ্যালেই সবাইকে একসঙ্গে সুখবরটি দিতে চেয়েছি। আমি এবং আমার অনাগত সন্তান ভালো আছি। জীবনের এক নতুন অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছি। সবার কাছে দোয়া চাই।’
কবে বিয়ে করেছেন-এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী জানান, বেশ কিছুদিন আগেই তাদের বিয়ে হয়েছে। তবে এখন তিনি বিয়ের চেয়ে মাতৃত্বের আনন্দ নিয়েই থাকতে চান।
স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে মৌসুমী বলেন, ‘আমরা ১৪ বছরের পুরোনো সেরা বন্ধু। আমাদের চিন্তাভাবনায় অনেক মিল ছিল। সেখান থেকেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

