‘উইকড’ ও ‘দ্য লিটল মারমেইড’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের থিয়েটার ও ব্রডওয়ে অভিনেতা ব্রেট হান্না-শুফোর্ড মারা গেছেন। গত ৩ জানুয়ারি তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর।
রোববার (৪ জানুয়ারি) ডেডলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
অভিনেতার সঙ্গী এক বিবৃতিতে জানান, ব্রেট অত্যন্ত বিরল ও প্রাণঘাতী ক্যানসার টি-সেল লিম্ফোমায় আক্রান্ত ছিলেন। পাশাপাশি তিনি হিমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস (এইচএলএইচ) নামের একটি জটিল রোগেও ভুগছিলেন, যা রোগ-প্রতিরোধ ক্ষমতাকে মারাত্মকভাবে দুর্বল করে দেয়।
ব্রেট হান্না-শুফোর্ড ১৯৭৯ সালের ২০ মে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বিউমন্টে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। দ্য জিঞ্জারব্রেড কোম্পানির মাধ্যমে তার অভিনয়জীবনের শুরু। পরবর্তীতে স্থানীয় কমিউনিটি থিয়েটার, আঞ্চলিক বিজ্ঞাপন এবং স্বাধীন চলচ্চিত্রেও কাজ করেন তিনি।
‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ নাটকের মাধ্যমে ব্রডওয়েতে অভিষেক ঘটে ব্রেটের। এরপর ডিজনি থিয়েট্রিক্যালের সঙ্গে নিয়মিত কাজ করেন তিনি। তার উল্লেখযোগ্য ব্রডওয়ে প্রযোজনার মধ্যে রয়েছে ‘উইকড’, ‘চিটি চিটি ব্যাং ব্যাং’, ‘অ্যা ওয়ান্ডারফুল লাইফ’, ‘দ্য বেস্ট লিটল হোরহাউজ ইন টেক্সাস’, ‘অ্যামেজিং গ্রেস’ এবং ‘সার্ক ডু সোলেইল প্যারামোর’।
থিয়েটারের পাশাপাশি চলচ্চিত্র ও টেলিভিশনেও কাজ করেছেন ব্রেট হান্না-শুফোর্ড। তিনি ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’ সিনেমায় অভিনয় করেন। এছাড়া ‘ওনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’, ‘এফবিআই: মোস্ট ওয়ান্টেড’, ‘দ্য গুড ফাইট’, ‘ল অ্যান্ড অর্ডার: স্পেশাল ভিক্টিমস ইউনিট’, ‘অল মাই চিলড্রেন’ ও ‘গাইডিং লাইট’সহ একাধিক জনপ্রিয় টিভি সিরিজে তাকে দেখা গেছে।
তার মৃত্যুতে ব্রডওয়ে ও থিয়েটার অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন