জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস শত বছরের পুরোনো একটি লোকগানের নাম থেকেই নিজেদের আসন্ন অ্যালবামের নাম রাখল। অ্যালবামটির নাম ‘আরিরাং’।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অ্যালবামের নাম ঘোষণা করেছে গ্রুপটি।
প্রায় চার বছর বিরতির পর ২০ মার্চ পূর্ণাঙ্গ অ্যালবামটি নিয়ে ফিরছেন বিটিএস।
এক বিবৃতিতে বিগ হিট মিউজিক জানিয়েছে, অ্যালবামে নিজেদের শেকড়কে তুলে ধরেছে বিটিএস। পাশাপাশি হৃদয়ের আকুলতা ও ভালোবাসায় সুর বুনেছেন শিল্পীরা।
‘আরি’ শব্দের অর্থ সুন্দর আর ‘রাং’ শব্দের অর্থ প্রিয়জন। ‘আরিরাং’ গানটির সঙ্গে কোরিয়ানদের আবেগ জড়িয়ে আছে।
গানটির উৎপত্তি কবে, তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে প্রায় একশ বছর ধরে গানটি কোরিয়ায় ব্যাপক জনপ্রিয়।
বিগ হিট মিউজিক আরও জানিয়েছে, বিটিএসের এই অ্যালবামে মোট ১৪টি গান থাকবে। ২০২৫ সালের শেষ ভাগে অ্যালবামের রেকর্ডিং হয়েছে।
এর আগে ২০২২ সালের জুনে অ্যান্থোলজি অ্যালবাম প্রুফ প্রকাশ করেছিলেন আরএম, জিমিনরা। ২০২০ সালে সর্বশেষ পূর্ণাঙ্গ অ্যালবাম ম্যাপ অব দ্য সোল : সেভেন প্রকাশ করেছিল বিটিএস।
বলে রাখা যায়, বিটিএস ব্যান্ডের সাত সদস্য মাঝে ছিলেন বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে। গত বছরের জুন নাগাদ সবাই ফিরে আসেন প্রশিক্ষণ থেকে। দলটির সদস্যরা হলেন- আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাংকুক ও সুগা।


