ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রথম স্ত্রীকে না জানিয়েই দ্বিতীয় বিয়ে, বিপাকে নায়ক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৩:৩৮ পিএম
মডেল রিতিকা গিরির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন হিরণ। ছবি : সংগৃহীত

ওপার বাংলার অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় এবার আলোচনায় এসেছেন নিজের ব্যক্তিগত জীবনের এক বিতর্কিত সিদ্ধান্তের কারণে। প্রথম স্ত্রীর সঙ্গে আইনগত বিচ্ছেদ না হতেই দ্বিতীয়বার বিয়ে করেছেন অভিনেতা। আর এ ঘটনা জানাজানি হতেই শুরু হয়েছে বিতর্ক।

সম্প্রতি উত্তরপ্রদেশের বারাণসীতে মডেল রিতিকা গিরির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন হিরণ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, রিতিকা পরেছেন টকটকে লাল বেনারসি আর হিরণের গায়ে হলুদ কুর্তা। অভিনেতা নিজেই প্রথমে ফেসবুকে এই ছবি পোস্ট করে বিয়ের খবরটি নিশ্চিত করেন। 

তবে মুহূর্তের মধ্যেই ঝড়ের গতিতে সমালোচনা শুরু হলে তিনি পোস্টটি মুছে ফেলেন। কলকাতা ছেড়ে দূর বারাণসীতে গিয়ে কেন এই গোপনীয়তা, তা নিয়ে উঠেছে প্রশ্ন। হিরণের এই বিয়েকে সরাসরি ‘অবৈধ’ বলে দাবি করেছেন তার প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়।

এক সাক্ষাৎকারে অনিন্দিতা বলেন, ‘আমাদের এখনো আইনগত বিচ্ছেদ হয়নি। আমাকে কিছু না জানিয়েই তিনি এই পদক্ষেপ নিয়েছেন। আইন ও নৈতিকতা কোনো দিক থেকেই এই বিয়ে টিকবে না।’

এদিকে প্রথম স্ত্রীর অভিযোগ, দীর্ঘ এক বছর ধরে হিরণ তার মেয়ের কোনো খোঁজ রাখছেন না। বাবার দ্বিতীয় বিয়ের খবরে মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়েছে।

তিনি আরও বলেন, ‘আমার মেয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার শারীরিক ও মানসিক অবস্থা ভালো নয়, আমরা নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছি। একজন বাবা যখন নিজের সন্তানের দায়িত্ব এড়িয়ে যান, তখন সেই ক্ষত আজীবন রয়ে যায়।’