ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। গতানুগতিক কাজ থেকে বেরিয়ে বেছে বেছে কাজ করছেন এই অভিনেত্রী। অভিনয়ে দক্ষতার পাশাপাশি ব্যক্তিত্ব ও রুচিশীল স্টাইলের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত আলোচনায় থাকেন তিনি। অভিনয়ের পাশাপাশি লেখক, কবি ও চিত্রশিল্পী হিসেবেও পরিচিত ভাবনা।
নানামুখী প্রতিভার অধিকারী ভাবনা প্রথমবারের মতো নাম লেখালেন উপস্থাপনায়। ঈদুল ফিতর উপলক্ষে সময় টিভির সম্পাদকীয় উপস্থাপনায় দেখা যাবে তাকে৷ অনুষ্ঠানে ভাবনার অতিথি হয়েছেন মন্ত্রী ও এমপিরা!
নতুন অভিজ্ঞতায় উচ্ছ্বসিত ভাবনা। তিনি দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, প্রথমবারের মতো উপস্থাপনা করেছি। বরাবরই আমি গতানুগতিক কাজের চেয়ে নতুনত্ব ও বৈচিত্র্য খুঁজি। তারই ধারাবাহিকতায় ঈদের সম্পাদকীয় উপস্থাপনা করেছি। এই অনুষ্ঠানের পরিকল্পনা ভালো লাগায় কাজটি করতে আগ্রহী হয়েছি। নতুন এক অভিজ্ঞতা হয়েছে। আশা করছি, পাঁচদিন ব্যাপী এই ঈদ আয়োজন সবার ভালো লাগবে।
জানা গেছে, ভাবনার অতিথি হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির সাবেক আলোচিত নারী নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম। ঈদের সম্পাদকীয় প্রতিদিন রাত ১০ টায় সময় টিভিতে প্রচার হবে।
এদিকে, ভাবনা অভিনীত বর্তমানে কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। চলতি বছরই সিনেমাগুলো মুক্তি পাওয়ার কথা রয়েছে।


