ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাহুলের মৃত্যু : দিনভর উত্তেজনার পর প্রত্যাহার করা হলো কর্মবিরতি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ১২:৩৯ পিএম
রাহুলের মৃত্যু: দিনভর উত্তেজনার পর প্রত্যাহার করা হলো কর্মবিরতি। ছবি : সংগৃহীত

টানা কয়েক ঘণ্টার বৈঠক, দফায় দফায় বিতর্ক, এমনকি আবেগঘন কান্নাকাটির পর অবশেষে অচলাবস্থা কাটল টালিউডে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দীর্ঘ সময় ধরে চলা আলোচনার পর শিল্পী ও কলাকুশলীরা তাদের কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে আবারও শুটিংয়ের ব্যস্ততায় ফিরছে কলকাতার টেকনিশিয়ান স্টুডিওসহ স্টুডিও পাড়া।

গতকাল সকাল ১০টা থেকে শুরু হওয়া এই গুরুত্বপূর্ণ বৈঠকটি চলে সন্ধ্যা পর্যন্ত। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কেন্দ্র করে টলিপাড়ায় যে অস্থিরতা তৈরি হয়েছিল, তার সমাধানেই বসেছিলেন দুই পক্ষের প্রতিনিধিরা। দীর্ঘ আলোচনার পর জানানো হয়, আপাতত শর্তসাপেক্ষে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। তবে জানানো হয়েছে, বিশেষ প্রতিবাদ হিসেবে ‘ম্যাজিক মোমেন্টস’ প্রযোজনা সংস্থার সঙ্গে আপাতত কোনো কাজ করবেন না শিল্পী ও টেকনিশিয়ানরা।

টালিউডের এই সংকট নিরসনে এক ছাদের নিচে হাজির হয়েছিলেন ইন্ডাস্ট্রির দিকপালরা। বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের উপস্থিতিতে বৈঠকে অংশ নেন মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আরও উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, দেব এবং বিশিষ্ট পরিচালক হরনাথ চক্রবর্তী। এ ছাড়া ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস এবং ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্তও আলোচনায় সক্রিয় ভূমিকা পালন করেন।

বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল শুটিং সেটে শিল্পী ও কলাকুশলীদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা। আলোচনায় যোগ দিয়েছিলেন প্রয়াত অভিনেতা রাহুলের স্ত্রী, অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। তাঁর উপস্থিতিতে পরিবেশ বেশ আবেগপ্রবণ হয়ে ওঠে এবং অনেকেই কান্নায় ভেঙে পড়েন। শিল্পীদের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে, কাজের জায়গায় জীবনের ঝুঁকি কমানোর জন্য কঠোর নীতিমালা প্রণয়ন করতে হবে।

দিনভর নাটকীয়তা ও তর্কাতর্কির পর সন্ধ্যা নামতেই টলিপাড়ায় বইতে শুরু করেছে স্বস্তির হাওয়া। কর্মবিরতি প্রত্যাহারের ফলে ঝুলে থাকা অনেক সিনেমার কাজ এবং মেগা সিরিয়ালগুলোর শুটিং আবারও নিয়মিতভাবে শুরু হবে। তবে প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’কে ঘিরে থাকা শর্তটি ইন্ডাস্ট্রিকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটিই দেখার বিষয়।