বিয়ের প্রলোভন দেখিয়ে ১৩ লাখ টাকার বেশি আত্মসাতের অভিযোগে করা মামলায় সমালোচিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন মঞ্জুর করেছেন আদালত।
গত রোববার (২ মার্চ) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পাঁচ হাজার টাকার মুচলেকায় তার জামিনের আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী মো. ইমরান হোসেন জামিনের বিষয়টি নিশ্চিত করেন।
মামলার নথি অনুযায়ী, আনাননিয়া শবনম রোজ নামের এক নারীর সঙ্গে নোবেল প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখান। পরে বিভিন্ন সময়ে তার কাছ থেকে মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা নেওয়ার অভিযোগ ওঠে।
অভিযোগে বলা হয়, ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে ওই টাকা নেওয়া হয় এবং পরে তা ফেরত না দিয়ে আত্মসাৎ করা হয়।
এর আগে ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরবর্তীতে পৃথক আরেকটি মামলায় গ্রেপ্তার থাকাকালীন সময়েও তিনি একাধিক আইনি প্রক্রিয়ার মুখোমুখি হন বলে জানা যায়।


