ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নিরাপত্তা শঙ্কায় ধানমন্ডিতে ‘অ্যাশেজ’-এর কনসার্ট বাতিল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ১১:২৬ এএম
নিরাপত্তা শঙ্কায় ‘অ্যাশেজ’-এর কনসার্ট বাতিল। ছবি : সংগৃহীত

রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে শনিবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জনপ্রিয় ব্যান্ড ‘অ্যাশেজ’-এর বহুল প্রতীক্ষিত একটি কনসার্ট। তবে জননিরাপত্তা এবং ভিড় সামলানোর আশঙ্কায় শেষ মুহূর্তে আয়োজনটি বাতিল করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে ব্যান্ডটির প্রধান গায়ক (ভোকালিস্ট) জুনায়েদ ইভান তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

জুনায়েদ ইভান তার পোস্টে জানান, আয়োজক কমিটির পক্ষ থেকে কনসার্টটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত রবীন্দ্র সরোবর একটি উন্মুক্ত ভেন্যু এবং অ্যাশেজ পারফর্ম করতে এলে সেখানে যে বিপুলসংখ্যক ভক্তের সমাগম ঘটবে, তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে বলে আয়োজকরা মনে করছেন।

এ ছাড়া ভেন্যুটির আয়তন তুলনামূলক ছোট হওয়ায় চারপাশের রাস্তায় প্রচণ্ড যানজট সৃষ্টি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও জনসমাগম ও ট্রাফিক ব্যবস্থা নিয়ে সতর্কতা জারি করায় সব মিলিয়ে কনসার্টটি স্থগিত করতে বাধ্য হন কর্তৃপক্ষ।

কনসার্ট বাতিল হওয়ায় মনঃক্ষুণ্ণ ভক্তদের উদ্দেশ্যে একটি আবেগঘন বার্তা দিয়েছেন জুনায়েদ ইভান। তিনি লিখেছেন, ‘আমাদের আর দেখা হলো না রবীন্দ্র সরোবরে। নিশ্চয়ই দেখা হবে অন্য কোথাও-কোনো উত্তাল সমুদ্র রাতে।’

দেশের বর্তমান ব্যান্ড সংগীতের অন্যতম জনপ্রিয় এই দলটি বর্তমানে তুমুল ব্যস্ত সময় পার করছে। চলতি এপ্রিল মাসের প্রথম দিন থেকে ১৭ তারিখ পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরে মোট ১২টি কনসার্ট সফলভাবে সম্পন্ন করেছে তারা। দেশের গণ্ডি পেরিয়ে আগামী জুনে আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করার কথা রয়েছে ব্যান্ডটির। ইউরোপ সফরের অংশ হিসেবে ইতালির রোম ও ভেনিস এবং ফ্রান্সের প্যারিসে কনসার্ট করার কথা রয়েছে তাদের।