দেশের কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। বিগত প্রায় ৫ যুগ ধরে বাংলা গানের ভান্ডারে যুক্ত হয়েছে এই শিল্পীর গাওয়া অজস্র কালজয়ী গান; যা আজও শ্রোতাদের মুখে মুখে ফেরে। সম্প্রতি নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন বরেণ্য এই সংগীতশিল্পী। তার সঙ্গে গাইলেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় শিল্পী মোমিন বিশ্বাস। ‘না বলা গল্প’ শিরোনামে ইঞ্জিনিয়ার সামছুল আলমের কথায় গানটিতে সুরারোপ করেছেন বরেণ্য সুরাকার রাজেশ ঘোষ।
এ বিষয়ে জানতে চাওয়া হলে সাবিনা ইয়াসমিন বলেন, ‘মোমিন আমার ভীষণ স্নেহ এবং আদরের সন্তানতুল্য শিল্পী। ইতিপূর্বেও মোমিনের সঙ্গে বেশ কয়েকটি সিনেমার গানে কণ্ঠ দিয়েছি। মোমিন যখন এই গানের কথা এবং সুর আমাকে শোনালো তখন এতটাই পছন্দ হলো যে, এক বাক্যেই গাইতে রাজি হয়ে গেলাম। রাজেশ ঘোষ আমাদের পরীক্ষিত একজন সুরাকার। এই গানেও রাজেশ ওর মেধার স্বাক্ষর রেখেছে। গানটি ভীষণ মেলোডি নির্ভর। আশা করতে পারি এই গানটি শ্রোতাদের ভালো লাগবে।’
সুরাকার ও সংগীত পরিচালক রাজেশ ঘোষ বলেন, ‘সাবিনা ইয়াসমিন আমাদের প্রাণের শিল্পী। তার মতো এমন একজন দিকপাল শিল্পীর সঙ্গে কাজ করতে পারার আনন্দ অন্যরকম। মোমিনও ভীষণ ভালো একজন শিল্পী। দুজনেই অপূর্ব গেয়েছেন। গানটি নিয়ে আমি খুব আশাবাদী।’
মোমিন বিশ্বাস বলেন, ‘কিংবদন্তি সাবিনা ইয়াসমিনের সঙ্গে যতবারই গান গাওয়ার সৌভাগ্য হয়েছে ততবারই ঘোরের মধ্যে কেটেছে। এখনো তেমনই কাজ করছে। তিনি আমাদের দেশের সম্পদ। বাংলা গানকে তিনি যেভাবে সমৃদ্ধ করেছেন আমরা শ্রোতা হিসেবেই তার কাছে চিরঋণী। তার সঙ্গে গান গাইতে পারা শিল্পী জীবনের সেরা অর্জন। আশা করি, গানটা শ্রোতারা সাদরে গ্রহণ করবেন।’
জানা গেছে, খুব শিগগিরই গানটি মুক্তি পাবে।

