আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য দেখা যাবে। সূর্যাস্তের পরই একই সরলরেখায় ছয়টি গ্রহ অবস্থান করবে, যা জ্যোতির্বিদরা ‘প্ল্যানেট প্যারেড’ বা ‘গ্রহসমাবেশ’ নামে ডাকে।
আকাশ পর্যবেক্ষকরা জানিয়েছেন, এই মহাজাগতিক দৃশ্যে বুধ, শুক্র, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুনকে দেখা যাবে। সঙ্গে শোভা ছড়াবে চাঁদও। রাতের আকাশজুড়ে কাছাকাছি সারিবদ্ধ অবস্থায় এ ছয় গ্রহকে একসঙ্গে দেখা সম্ভব হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, শুক্র, বৃহস্পতি ও শনিকে খালি চোখেই দেখা যাবে। বুধ পশ্চিম দিগন্তের কাছে নিচু অবস্থানে থাকবে, তাই পরিষ্কার দৃষ্টিসীমা না থাকলে দেখা কঠিন হতে পারে। ইউরেনাস ও নেপচুন দেখতে হলে দূরবীন বা ছোট টেলিস্কোপের প্রয়োজন হবে।
বৃহস্পতি গ্রহ আকাশের বিপরীত প্রান্তে এবং শনি, শুক্র ও বৃহস্পতির মাঝামাঝি অবস্থানে দৃশ্যমান হবে। বুধ গ্রহ পশ্চিম দিগন্তের খুব কাছে থাকবে।
জ্যোতির্বিদরা জানিয়েছেন, সূর্যাস্তের পর প্রায় ৩০ থেকে ৪৫ মিনিট পর্যন্ত এই দৃশ্য দেখা যাবে। এরপর ধীরে ধীরে কয়েকটি গ্রহ দিগন্তের নিচে নেমে যাবে। যদিও গ্রহগুলো কাছাকাছি প্রদর্শিত হবে, প্রকৃতিতে তারা একে অপরের থেকে কোটি কোটি কিলোমিটার দূরে অবস্থিত।
এর আগে ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন এক লাইনে দেখা গিয়েছিল। জ্যোতির্বিদরা আশা করছেন, এই বিরল দৃশ্যটি উত্তর গোলার্ধ থেকে তুলনামূলকভাবে স্পষ্টভাবে দেখা যাবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন