আজ জুলাই মাসের তৃতীয় রোববার। বিশ্বজুড়ে আইসক্রিম প্রেমীদের কাছে দিনটি বিশেষভাবে পরিচিত ‘বিশ্ব আইসক্রিম দিবস’ হিসেবে। আইসক্রিম যেমন অভিমান ভাঙতে পারে তেমনই পারে দেওয়া-নেওয়ার সম্পর্ক আরও মধুর করতে। তাই সম্পর্ককে মজবুত করতে প্রিয়জনকে আজ আইসক্রিম দিয়ে বলুন ‘ভালোবাসি’।
১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রেগান জুলাই মাসকে ‘ন্যাশনাল আইসক্রিম মান্থ’ এবং জুলাইয়ের তৃতীয় রোববার ‘ন্যাশনাল আইসক্রিম ডে’ ঘোষণা করেন। এরপর ধীরে ধীরে দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয়তা লাভ করে।
আইসক্রিম শুধু একটি জনপ্রিয় মিষ্টান্ন নয়, বরং আনন্দ, স্মৃতি ও উদযাপনের প্রতীক। শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষের পছন্দের তালিকায় রয়েছে ভ্যানিলা, চকলেট, স্ট্রবেরি থেকে শুরু করে নানা নতুন ও বৈচিত্র্যময় ফ্লেভার। বিশেষ দিন, উৎসব কিংবা অবসর সময়—সব ক্ষেত্রেই আইসক্রিমের উপস্থিতি আনন্দকে আরও বাড়িয়ে তোলে।
কেন বিশেষ এই দিন?
আইসক্রিম দিবসের মূল উদ্দেশ্য হলো জনপ্রিয় এই খাবারের ইতিহাস, বৈচিত্র্য এবং মানুষের জীবনে এর আনন্দঘন ভূমিকার প্রতি সম্মান জানানো। একই সঙ্গে এটি পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর একটি উপলক্ষও তৈরি করে।
যেভাবে উদযাপন করবেন আইসক্রিম দিবস
নতুন স্বাদের আইসক্রিম চেখে দেখুন : আজকের দিনে নিজের পছন্দের বাইরে নতুন কোনো ফ্লেভার ট্রাই করতে পারেন।
ঘরে তৈরি করুন আইসক্রিম : পরিবারের সদস্যদের নিয়ে ঘরেই তৈরি করতে পারেন স্বাস্থ্যকর ও পছন্দমতো স্বাদের আইসক্রিম।
আয়োজন করুন আইসক্রিম পার্টি : বন্ধু বা স্বজনদের নিয়ে ছোট্ট একটি আইসক্রিম পার্টির আয়োজন করতে পারেন। বিভিন্ন টপিংস ও ফ্লেভার যোগ করে আনন্দ বাড়িয়ে তুলুন।
তৈরি করুন ভিন্নধর্মী ডেজার্ট : আইসক্রিম দিয়ে মিল্কশেক, আইসক্রিম স্যান্ডউইচ বা অন্যান্য মজার ডেজার্ট বানিয়ে দিনটিকে আরও বিশেষ করে তুলুন।
স্মৃতি শেয়ার করুন সামাজিক যোগাযোগমাধ্যমে : প্রিয় আইসক্রিম বা মজার কোনো মুহূর্তের ছবি শেয়ার করে অংশ নিতে পারেন উদযাপনে।
আইসক্রিম দিবস আমাদের মনে করিয়ে দেয় জীবনের ছোট ছোট আনন্দকে উপভোগ করার গুরুত্ব। তাই আজকের দিনে প্রিয় একটি আইসক্রিমের স্কুপ দিয়ে নিজেকে আনন্দ দিতে ভুলবেন না।
তথ্যসূত্র : হিন্দুস্তান টাইমস, সিবিএস নিউজ

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন