সারা বিশ্বের মতো বাংলাদেশও বিশ্বকাপ উন্মাদনায় ব্যস্ত। এর মধ্যেই বাংলাদেশ নারী অ-২০ হকি দল সাফল্য পেয়েছে। ওমানে গত শনিবার রাতে ফাইনালে তারা কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়ে অ-২০ এএইচএফ কাপে চ্যাম্পিয়ন হয়েছে।
বাংলাদেশে হকির সংস্কৃতি অনেক পুরোনো হলেও নারী হকির প্রচলন খুব বেশি দিনের নয়। সিনিয়র জাতীয় দল সম্প্রতি প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। এশিয়ান গেমসের বাছাই টুর্নামেন্টে রানার্সআপ হয়ে নিজেদের যোগ্যতা দিয়ে এশিয়ান গেমসে খেলা নিশ্চিত করেছে।
সিনিয়র দলের সাফল্যের পর এএইচএফ কাপ অ-২০ টুর্নামেন্টে দল পাঠানোর সিদ্ধান্ত নেয় ফেডারেশন। নারী অ-২০ দল কাজাখস্তানে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে আরেকটি সাফল্য এনেছে। সিনিয়র দলের অনেক খেলোয়াড়ই রয়েছেন এই স্কোয়াডে। জাতীয় ক্রীড়া পরিষদ গতকাল ২৬ ফেডারেশনের বিদ্যমান অ্যাডহক কমিটি ভেঙে আবার অ্যাডহক কমিটি করেছে। হকিও তন্মেধ্যে অন্যতম। হকি ফেডারেশনের কমিটি রদবদলের দিনেই একটি সাফল্য উপহার দিয়েছেন নারী খেলোয়াড়রা; যা নতুন কমিটির জন্য দারুণ সূচনা ও বিগত কমিটির প্রাপ্তি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন