সরকার ভারতের নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদে সাংবাদিক সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। সোমবার (২০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তাকে প্রেস মিনিস্টার পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক ফয়সাল মাহমুদ দায়িত্ব পালন করেন। তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি সরকার বাতিল করলে পদটি শূন্য হয়ে যায়।
সাইদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় তিনি সাংবাদিকতা শুরু করেন। ২০০৫ সালে দৈনিক দিনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে ২০০৭ সালে দৈনিক ইত্তেফাকে যোগ দেন। বর্তমানে তিনি পত্রিকাটির রাজনীতি ও নির্বাচনবিষয়ক সম্পাদক এবং ইউনিট চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন।
পেশাগত জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সহ-সভাপতি ও পরে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ ছাড়া নির্বাচন কমিশনে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সাংগঠনিক সম্পাদক এবং পরে সভাপতির দায়িত্ব পালন করেন।
সাংবাদিকতা জীবনে নির্বাচনি প্রতিবেদন, রাজনৈতিক রিপোর্টিং ও বিভিন্ন জাতীয় ইস্যুতে সংবাদ পরিবেশনের জন্য তিনি পরিচিত। এ সময়ে বিভিন্ন চ্যালেঞ্জ ও প্রতিকূলতার মুখোমুখি হওয়ার কথাও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি প্রদত্ত চিশতি শাহ হেলালুর রহমান পদক, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রদত্ত জাতীয় অধ্যাপক সুফিয়া আহমদ পদক, এডুকেশন ওয়াচের বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড এবং আরএফইডি প্রদত্ত সাংবাদিক হোসাইন জাকির স্মৃতি পদকসহ বিভিন্ন সম্মাননা লাভ করেছেন।
সাংবাদিকতার কাজে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, সৌদি আরব, ভারত, নেপাল ও ভুটানসহ বিভিন্ন দেশ সফর করেছেন তিনি।
সাইদুর রহমান সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং কাজীরহাট কলেজ থেকে এইচএসসি পাস করেন। তার বাবা মোসলেম সরদার ও মা সালেহা খাতুন। তিন ভাইবোনের মধ্যে তিনি জ্যেষ্ঠ। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের জনক।
নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের কূটনৈতিক যোগাযোগ ও গণমাধ্যম-সম্পর্ক জোরদারে তিনি ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন