ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৩:০০ পিএম
ছবি : সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনের মৃত্যু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হওয়ার কারণে হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ছয়জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

মঙ্গলবার (১২ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত তথ্যে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৬৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৬।

এ ছাড়া গত ১৫ মার্চের পর থেকে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২৪ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫১ হাজার ৫৬৭।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত হামের সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ হাজার ৮৮১ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩২ হাজার ৮৭৭ জন।

বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ প্রতিরোধে নিয়মিত টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ এবং শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনা জরুরি।