ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৬:৩৩ পিএম
স্বাস্থ্য অধিদপ্তর। ছবি : সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪৫ শিশু। এর মধ্যে হামে আক্রান্ত হয়েছে ১৪১ শিশু। আর হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪ শিশু।

সোমবার (২৯ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬২৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯৩ শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭১৬টি শিশু মারা গেছে।

এ ছাড়া, ২৪ ঘণ্টায় ৯৬২ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ৪১টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ২১১, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ৮৫১। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৮৩ হাজার ৮০৬ রোগী, যাদের মধ্যে ৮০ হাজার ১৯৩ জন ছাড়পত্র পেয়ে এরই মধ্যে বাড়ি ফিরেছে।