কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় আহমদ আলী নামে এক কথিত মাদক কারবারিকে আটক করে কালিয়াকৈর থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন থানার এসআই শাখাওয়াত হোসেনসহ কয়েকজন পুলিশ সদস্য।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তাকে আটক করা হয়।
আটক আহমদ আলী (৫০) গোয়ালবাথান এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে আহমদ আলীকে আটক করে পুলিশ। তবে কিছু সময় পরই তাকে উৎকোচের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, আটক ব্যক্তিকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ওই এলাকার মারুফ হোসেনসহ কয়েকজন বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বেচাকেনা চলছে। মাঝে মাঝে পুলিশ অভিযান চালালেও রহস্যজনক কারণে অভিযুক্তরা দ্রুতই ছাড়া পেয়ে যায়। এতে মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে এসআই শাখাওয়াত হোসেন বলেন, অভিযানের সময় আহমদ আলীর কাছে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি। এ কারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে টাকা নেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করেন এবং ফোন কেটে দেন।

