হাইকোর্ট প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ কেন হবে না, তা জানতে রুল জারি করেছেন।
রোববার (২৫ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলটি জারি করেন।
প্রধান নির্বাচন কমিশনারকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। শুনানি শেষে তিনি জানান, গত বছরের ২৭ আগস্ট হাইকোর্ট একটি রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে আবেদন নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার সেই আদেশ বাস্তবায়ন করেননি। এজন্য তার বিরুদ্ধে আদালতে আদালত অবমাননার আবেদন করা হয়।
এর আগে অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ ‘কৃষক শ্রমিক জনতা পার্টি’ নামে একটি রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন করেছিলেন। সিইসি সেই আবেদন নিষ্পত্তি না করায় তিনি আদালতের শরণাপন্ন হন।

