বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। পাশাপাশি এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তিরও নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।
সোমবার (১১ মে) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। ব্যারিস্টার সুমনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী এম. লিটন আহমেদ।
এর আগে, ২০২৪ সালের ২১ অক্টোবর রাত প্রায় দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের ঠিক আগে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লিখেছিলেন, আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। সবাই দোয়া করবেন।
সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে রাজধানীর একাধিক থানার পাশাপাশি হবিগঞ্জেও বিভিন্ন মামলা দায়ের করা হয়। এসব মামলার মধ্যে মিরপুর থানায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় তিনি হাইকোর্টে জামিনের আবেদন করেন।
পরে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করে রুল জারি করেন। তবে সেই জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন জানায়। শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া জামিনাদেশ বহাল রাখেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ১৯ জুলাই মিরপুর-১০ এলাকায় কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া যুবদল নেতা ও ‘বাঙালিয়ানা ভোজ’-এর বাবুর্চি হৃদয় মিয়া গুলিবিদ্ধ হন। অভিযোগে বলা হয়, পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে তার ডান পায়ে গুলি লাগে।
গ্রেপ্তারের পর এ মামলায় ব্যারিস্টার সুমনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।


