× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ১১:০৬ এএম

চলছে আলোচনা, এনসিপিতেই যোগ দিচ্ছেন আসিফ ও মাহফুজ?

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ১১:০৬ এএম

মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি - সংগৃহীত

মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি - সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে সদ্য পদত্যাগ করা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে পারেন বলেএমন আলোচনা রাজনৈতিক অঙ্গনে বেশ কিছুদিন ধরে ঘুরপাক খাচ্ছে। এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, দুই পক্ষের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা চলছে এবং সবকিছু চূড়ান্ত হলে তাদের জন্য দলে নতুন পদ সৃষ্টি হতে পারে।

দলীয় সূত্রে জানা গেছে, মাহফুজ আলম লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ উপজেলা) এবং আসিফ মাহমুদ ঢাকা-১০ (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন—এটি অনেকটাই নিশ্চিত।

সম্প্রতি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন—এমন আলোচনা থাকলেও উভয় আসনে বিএনপি এরই মধ্যে প্রার্থী ঘোষণা করায় সেই সম্ভাবনা ক্ষীণ হয়েছে।

ঢাকা-১০ আসনে বিএনপি প্রার্থী ঘোষণার পর আসিফ মাহমুদ গণঅধিকার পরিষদের নেতাদের সঙ্গেও আলোচনা করেছেন। ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের নেতৃত্বাধীন সংগঠনের সঙ্গে তার পুরোনো যোগাযোগ রয়েছে। এর মধ্যেই এনসিপিতে যোগ দেওয়ার আলোচনা নতুন মাত্রা পেয়েছে।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ‘মাহফুজ আলম ও আসিফ মাহমুদের সঙ্গে এনসিপির অনানুষ্ঠানিক আলোচনা চলছে। দলের নেতারা তাদের এনসিপিতেই চাইছেন। বিষয়টি কিছুদিনের মধ্যে তাদের পক্ষ থেকেই পরিষ্কার হবে।’

পদপদবি নিয়ে দেনদরবার

দলীয় সূত্রগুলো বলছে, এনসিপিতে যোগ দিলে মাহফুজ আলমকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে আসিফ মাহমুদ সদস্য সচিব বা সমমর্যাদার গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রত্যাশা করছেন বলে জানা গেছে।

পদবণ্টন ও সাংগঠনিক ক্ষমতা কাঠামো নিয়ে চূড়ান্ত সমঝোতার অপেক্ষায় রয়েছে সিদ্ধান্ত।

উপদেষ্টার পদ থেকে পদত্যাগের পর ১২ ডিসেম্বর ঢাকা-১০ আসনে বিজয় শোভাযাত্রা করেন আসিফ মাহমুদ, যা নির্বাচনী ‘শোডাউন’ হিসেবে আলোচিত হয়। সেদিনই তিনি ফেসবুকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। পরে হোয়াটসঅ্যাপে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, ‘আপাতত ঢাকা-১০ আসনে স্বতন্ত্র নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। রাজনৈতিক দলে যোগদানের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিইনি।’

অন্যদিকে, মাহফুজ আলম ১৫ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের আয়োজিত সমাবেশে বক্তব্য দেন, যেখানে এনসিপির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল অনুযায়ী প্রচার শুরু হবে ২২ জানুয়ারি থেকে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। এনসিপি এরই মধ্যে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করলেও লক্ষ্মীপুর-১ ও ঢাকা-১০ এখনো খালি রয়েছে।

দলটি জানিয়েছে, এক সপ্তাহের মধ্যে বাকি আসনগুলোতে প্রার্থী ঘোষণা করা হবে।

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির ছাত্রনেতা হিসেবে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ছিলেন। ১০ ডিসেম্বর তারা পদত্যাগপত্র জমা দেন, যা ১১ ডিসেম্বর নির্বাচনের তপশিল ঘোষণার সঙ্গে কার্যকর হয়।

এনসিপি, বিএনপি ও গণঅধিকার পরিষদ—তিন দলের আগ্রহ থাকলেও মাহফুজ ও আসিফ এখনো কৌশলী অবস্থান নিয়েছেন। তাদের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Link copied!