জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজায় অংশ নিতে এসে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সারা বাংলাদেশ আজ কাঁদছে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ওসমান হাদি শাহাদাৎ বরণ করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাকে যেন শাহাদাতের মর্যাদা দান করেন। তার জীবনের ত্রুটি-বিচ্যুতি যেন আল্লাহতায়ালা মাফ করেন। আল্লাহ তার করবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন।’
ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‘তিনি যে স্বপ্ন দেখেছিলেন আদিপত্যবাদ বিরোধী একটা ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, সে স্বপ্নের পূর্ণতা দেওয়ার জন্য দেশবাসীকে আপনি তৌফিক দান করুন। সারা বাংলাদেশ আজ কাঁদছে।’
উপদেষ্টা বলেন, ‘ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশের গ্রামে-গঞ্জে, শহরে-বন্দরে সব মসজিদে আমাদের ভাই হাদির দোয়া ও জিকির-আজগার সম্পন্ন করা হয়েছে।’
গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ লাখো মানুষের উপস্থিতিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির নামাজে জানাজা সম্পন্ন হয়। তারপর তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন