ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হাইকমিশনে হামলা নিয়ে দিল্লির বিবৃতি প্রত্যাখ্যান করল ঢাকা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৫:১১ পিএম
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি- সংগৃহীত

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে উগ্রপন্থি ভারতীয়দের হামলার ঘটনায় দিল্লির ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে নিহত হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা এ কথা জানান।

তৌহিদ হোসেন বলেন, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি একজন বাংলাদেশি নাগরিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তাকে সংখ্যালঘু হিসেবে তুলে ধরা হয়েছে, যা একদমই অগ্রহণযোগ্য।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত আমরা আশা করি, ভারত যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। ঘটনায় শুধু কিছু লোক এসেছে বা হুমকি দিয়েছে  কিছু নিরাপত্তা প্রহরীও সেখানে ছিলেন। বাংলাদেশ দূতাবাসে নিরাপত্তা আরও বৃদ্ধি করা হবে।

এর আগে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের সামনে বিক্ষোভকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ঘটনাটি নিয়ে কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা লক্ষ্য করা গেছে। ২০ ডিসেম্বর ২০-২৫ জন যুবক হাইকমিশনের সামনে জড়ো হয়ে ময়মনসিংহের দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে স্লোগান দেন এবং সংখ্যালঘুদের সুরক্ষার দাবি তোলেন।

তিনি বলেন, নিরাপত্তা ভাঙার কোনো চেষ্টা বা পরিস্থিতি সৃষ্টি হয়নি। স্থানীয় পুলিশ কয়েক মিনিটের মধ্যে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। এই ঘটনার দৃশ্যমান প্রমাণ জনসাধারণের জন্য উন্মুক্ত।

রণধীর জয়সওয়াল আরও উল্লেখ করেন, ভারত বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে নজর রাখছে। আমাদের কর্মকর্তারা নিয়মিত বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন। সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়েও আমরা গভীর উদ্বেগ প্রকাশ করেছি। দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য আমরা আহ্বান জানাই।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, এ ধরনের ঘটনা আন্তর্জাতিকভাবে নিন্দনীয়। আমরা দিল্লিকে পুনরায় জানিয়েছি, যে কোনো হুমকি বা সহিংসতা বাংলাদেশ দূতাবাস ও নাগরিকদের জন্য সহনীয় নয়।