× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৫:৩৫ পিএম

পদত্যাগ করলে তো এখানে বসে থাকতাম না : স্বরাষ্ট্র উপদেষ্টা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৫:৩৫ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি- সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি- সংগৃহীত

পদত্যাগের গুঞ্জন নিয়ে ব্যাপক আলোচনা চলার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী স্পষ্ট করে দিয়েছেন, ‘পদত্যাগ করলে এখানে বসতাম না।’

সোমবার (২১ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৮তম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা প্রস্তুতি, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর অগ্রগতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের প্রস্তুতি, বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদ্‌যাপনের নিরাপত্তা ব্যবস্থা এবং জুলাইয়ের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘রাজধানীর প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই দুই পত্রিকার সম্পাদকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ছাড়া হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম খানের অবস্থান সম্পর্কে সরকারকে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই।’

তিনি বলেন, ‘আসামি দেশের মধ্যে থাকতে পারে বা বাইরে থাকতে পারে। বৈধভাবে বিদেশে গেছে কি না, এ বিষয়ে কোনো তথ্য জানা নেই।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বস্ত করে বলেন, তার মন্ত্রণালয় এবং বর্তমান অন্তর্বর্তী সরকার হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে বিচারের আওতায় আনার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ইতোমধ্যে যৌথ বাহিনী—পুলিশ, র‌্যাব ও বিজিবি—দশ জনকে গ্রেপ্তার করেছে। হত্যার মোটিভ উদ্‌ঘাটনসহ তদন্তে গোপনীয়তার কারণে বিস্তারিত তথ্য এখন প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তবে মূল হোতাকে দ্রুত আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে কাজ করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দালাল চক্র ফিলিপের সহযোগী পাঁচ জনকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া ময়মনসিংহে পোশাকশ্রমিককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর অধীনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চলমান অভিযানে ২০ ডিসেম্বর পর্যন্ত ৬ হাজার ৫৯৮ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানে ৫৬টি আগ্নেয়াস্ত্র, ৪৩৭টি গুলি, ১৩৭টি কার্তুজ, ৬২টি দেশি অস্ত্র, গ্রেনেড, মর্টারের গোলা, গানপাউডার, আতশবাজি ও বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মামলা ও পরোয়ানাভুক্ত ৬ হাজার ৯০৭ জনসহ মোট ১৩ হাজার ৫০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে নগরীতে দুই হাজার চেকপোস্ট বসানো হয়েছে, যার মাধ্যমে বিভিন্ন যানবাহন তল্লাশি করা হচ্ছে।

বড়দিন উপলক্ষে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে কোনো ধরনের আতশবাজি বা রাস্তা অবরোধ করা যাবে না। প্রতিটি গির্জার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুলশান, বনানীসহ রাজধানীর অভিজাত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ট্রাফিক স্বাভাবিক রাখার জন্য ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সম্পর্কেও সভায় বিস্তারিত আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ডাকসু, জাকসু, রাকসু ও চাকসু নির্বাচন ইতোমধ্যেই সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হয়েছে। আশা করা হচ্ছে, জকসু নির্বাচনেরও একইভাবে নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।’

সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনার মধ্যে রয়েছে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর মাধ্যমে সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের গ্রেপ্তার আরও বাড়ানো, গোয়েন্দা নজরদারি নিবিড় করা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন ও তল্লাশি কার্যক্রম জোরদার করা। এ ছাড়া পুলিশ সদর দপ্তরের কন্ট্রোল রুমের মাধ্যমে মনিটরিং করা হচ্ছে এবং নগরীর সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ‘নির্বাচনের সময় পুলিশের প্রশিক্ষণের দুই-তৃতীয়াংশ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে, যাতে নির্বাচন নিরাপদ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হয়।’

Link copied!