ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৪০ কোটি টাকার ক্ষতির দাবি

ডেইলি স্টারে হামলার ঘটনায় ৪০০ জনের নামে মামলা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০১:৫৮ এএম
ডেইলি স্টারে হামলা।। ছবি : রূপালী বাংলাদেশ

দেশের শীর্ষ স্থানীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার কার্যালয়ে ভয়াবহ হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, এ ঘটনায় প্রায় ৪০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও থানার ওসি ক্যশৈনু।

তিনি বলেন, ডেইলি স্টারের হেড অব অপারেশনস মিজানুর রহমান একটি এজাহার দায়ের করেছেন। তদন্ত চলছে এবং আসামি গ্রেপ্তারে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে।

এজাহারে বলা হয়েছে, ১৯ ডিসেম্বর রাত ১২:২৫ মিনিটে ৩৫০ থেকে ৪০০ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও দাহ্য পদার্থ নিয়ে ডেইলি স্টার কার্যালয়ের সামনে বেআইনিভাবে সমবেত হয়। তারা উত্তেজনাকর স্লোগান দিয়ে জনরোষ ও দাঙ্গা সৃষ্টির চেষ্টা চালায়।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, কয়েকজন অনলাইন অ্যাক্টিভিস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার উসকানিমূলক পোস্ট প্রদান করে।

এসব নির্দেশনার পর দুষ্কৃতকারীরা মব তৈরি করে ভবনের স্টিল গেট ও কাঁচের দরজা ভেঙে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়।

হামলাকারীরা কার্যালয়ের ভেতরে থাকা সাংবাদিক ও কর্মচারীদের মারধরের চেষ্টা করে এবং আসবাবপত্র ভাঙচুর করে। নিচতলা, দ্বিতীয় ও তৃতীয় তলায় আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি চতুর্থ থেকে অষ্টম তলা পর্যন্ত ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

এজাহার অনুযায়ী, দুই শতাধিক কম্পিউটার, ল্যাপটপ, ক্যামেরা, সার্ভার, প্রিন্টার, স্টুডিও ইকুইপমেন্টসহ বিপুল পরিমাণ ইলেকট্রনিক ডিভাইস ধ্বংস ও লুট করা হয়, যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা। এছাড়া বিভিন্ন লকারে রাখা প্রায় ৩৫ লাখ টাকা নগদ লুট হয়।

পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বৃদ্ধির পর ভোর ৪:৩০ মিনিটে দুষ্কৃতকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে ভবনের ভেতরে আটকে থাকা ৩০ জন সাংবাদিক ও কর্মচারীকে জীবিত উদ্ধার করা হয়।

ঘটনার ভিডিও ও সিসিটিভি ফুটেজ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে। দ্য ডেইলি স্টার কর্তৃপক্ষ তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব নিরূপণ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।