ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

স্বরাষ্ট্র উপদেষ্টা বদল বিষয়ে যা বললেন প্রেস সচিব

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৭:০৪ পিএম
সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রেস সচিব।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে পরিবর্তন নিয়ে সম্প্রতি কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

কয়েকটি গণমাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং একজন বিশেষ সহকারীর পরিবর্তন নিয়ে খবর এসেছে। এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘এ বিষয়ে আমার কিছু জানা নেই এবং এই বিষয়ে উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা হয়নি।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রেস সচিব।

বিদেশি পত্রপত্রিকায় সংখ্যালঘু নির্যাতনের প্রতিবেদন প্রকাশের বিষয়ে প্রেস সচিব বলেন, দিপু হত্যার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানিয়েছি এবং এই ঘটনায় যারা যারা জড়িত ছিলেন তাদের ভিডিও এবং ভিজুয়ালস দেখে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটির ট্রায়ালটাও হবে দ্রুত বিচার আইনে।

শফিকুল আলম আরও বলেন, ‘সংখ্যালঘুদের সুরক্ষার জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা দিচ্ছি। আপনি দেখেছেন দুর্গাপূজার সময় গত বছরে, এই বছরে অন্যান্য যত বড় ধর্মীয় উৎসব হয়, প্রত্যেকটা সময় আমাদের যথেষ্ট সিকিউরিটি ছিল এবং আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি যাতে এই ধর্মীয় উৎসবগুলো যথেষ্ট আনন্দের সঙ্গে হয় এবং সব ধরনের সিকিউরিটি যাতে থাকে।’

তিনি আরও বলেন, ‘আমাদের শিক্ষা উপদেষ্টা দিপু চন্দ্র দাসের বাড়িতে গিয়েছিলেন। পুরো ক্যাবিনেট পুরো সরকার দিপু চন্দ্র দাসের পরিবারের সঙ্গে আছে, তার জন্য যা যা করা দরকার তাদের প্রয়োজন অনুযায়ী করা হবে।’