অন্তর্বর্তী সরকার থাকাকালীনই শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার সম্পন্ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে এসে তিনি এ কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, সরকার শহীদ হাদির পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। অন্তর্বর্তী সরকারের সময়ের মধ্যেই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করা হবে।
তিনি বলেন, হাদির মৃত্যু ছিল অত্যন্ত করুণ ও হৃদয়বিদারক। তিনি ব্যক্তিগতভাবে হাদিকে ভাইয়ের মতো মনে করতেন। যে মানুষের জানাজায় ১২ থেকে ১৫ লাখ মানুষ অংশ নিয়েছেন, তার হত্যার বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
উপদেষ্টা বলেন, সরকার হয়তো আন্দোলনকারীদের মতো শাহবাগে অবস্থান করছে না, তবে হত্যাকাণ্ডের তদন্তে সরকার নিরলসভাবে কাজ করছে। শত্রুপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে তদন্ত চালানো হচ্ছে। এ কারণে তদন্তের স্বার্থে কিছু তথ্য প্রকাশ করা যাচ্ছে না।
রিজওয়ানা হাসান জানান, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে সুনির্দিষ্ট চার্জশিট দাখিল করা হবে। তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি ২০২৫-এর পর চার্জশিট দেওয়া হবে এবং অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়েই বিচার সম্পন্ন করা হবে।
তিনি আরও বলেন, অতীতে আসিয়া হত্যাকাণ্ডে স্বল্প সময়ের মধ্যে বিচার সম্পন্ন হয়েছিল। সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারও ত্রুটিমুক্ত ও শক্তিশালী চার্জশিট দিতে সরকার বদ্ধপরিকর।
অভিযুক্ত কেউ দেশত্যাগ করে থাকলে তাদের বিরুদ্ধে অনুপস্থিতিতে বিচার (ইন অ্যাবসেনশিয়া) চলবে বলেও জানান তিনি। পাশাপাশি কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে পলাতকদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে ভারত সরকারকে অবহিত করা হয়েছে এবং তারা সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানান উপদেষ্টা।
তদন্তের অগ্রগতি বিষয়ে বিস্তারিত জানাতে রোববার সকাল সাড়ে ৬টায় টিভি পুলিশ একটি সংবাদ সম্মেলন করবে বলেও জানান তিনি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন