ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। সম্প্রতি ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামায় তার স্থাবর-অস্থাবর সম্পদসহ বার্ষিক আয় সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রকাশ হয়েছে।
হলফনামা অনুযায়ী, মির্জা ফখরুলের মোট সম্পদ ৪ কোটি ৬ লাখ ৫৪ হাজার ৭১৫ টাকা ৭৩ পয়সা। তবে এতে একটি প্রাইভেটকার ও ৩০ ভরি সোনার মূল্য অন্তর্ভুক্ত নয়। তার বার্ষিক আয় ১১ লাখ ৮৩ হাজার ১৩৩ টাকা।
আইনি তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে মোট ৫০টি মামলা হয়েছে। কিন্তু অধিকাংশ মামলা আদালতের আদেশে স্থগিত, প্রত্যাহার অথবা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। বর্তমানে এসব মামলার কোনোটি তার সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে আইনগত বাধা নয়।
সম্পদের মধ্যে উল্লেখযোগ্য
কৃষিজমি: মির্জা ফখরুলের নামে ৫ একর, স্ত্রীর নামে ২.১৪ একর; মূল্য মিলিয়ে প্রায় ৫২ লাখ টাকা।
জমি ও বাড়ি: ঠাকুরগাঁওয়ে ১২ শতাংশ জমি (৩৯.৭২ লাখ টাকা), ঢাকার পূর্বাচলে ৫ কাঠা জমি (৮৫.০৪ লাখ টাকা), ১৯৫০ বর্গফুট ফ্ল্যাট (২০.৫০ লাখ টাকা) এবং অন্যান্য আবাসিক সম্পদ।
ব্যাংক হিসাব ও নগদ: দেশ ও বিভিন্ন ব্যাংকে মোট জমা ১১ লাখ ৮৩ হাজার ১৩৩ টাকা। হাতে নগদ রয়েছে ১ কোটি ২৫ লাখ ৫৮ হাজার ১১৬ টাকা ৭৭ পয়সা। স্ত্রীর নগদ ১ লাখ ৬৫ হাজার ৯৩০ টাকা।
বিনিয়োগ ও সঞ্চয়: ‘দি মির্জাস প্রাইভেট লিমিটেড’-এর ১,৪২৮টি শেয়ার (১.৪২ লাখ টাকা) এবং স্ত্রী নামে বিভিন্ন মেয়াদি সঞ্চয়পত্রে ৪৫.১১ লাখ টাকা।
অস্থাবর সম্পদ: দুটি প্রাইভেটকার, ১০ ভরি সোনা, ইলেকট্রনিক সামগ্রী, আসবাবপত্র ইত্যাদি।
বার্ষিক আয়ের উৎসের মধ্যে রয়েছে কৃষি খাত থেকে ১.৮ লাখ টাকা, ব্যবসা থেকে ১.৯৭ লাখ টাকা, পরামর্শক হিসেবে ৬ লাখ টাকা, ব্যক্তিগত কোম্পানি থেকে সম্মানী ১.৯৮ লাখ টাকা এবং ব্যাংক মুনাফা ৭,৯০১ টাকা। মোট বার্ষিক আয় ১১ লাখ ৮৩ হাজার ১৩৩ টাকা।


