অন্তর্বর্তী সরকার নতুন আরও একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের নীতিগত অনুমোদন দিয়েছে। নতুন এই মেডিকেল কলেজটি মুন্সীগঞ্জ জেলায় স্থাপন করা হবে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগাধীন চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন বিভাগের সচিব মো. সাইদুর রহমান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুন্সীগঞ্জ জেলায় একটি নতুন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের নীতিগত অনুমোদন দেওয়া হলো। অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে পরবর্তী সময়ে একাডেমিক কার্যক্রম শুরুর অনুমোদন দেওয়া হবে।
এর আগে গত বছরের ১১ নভেম্বর অন্তর্বর্তী সরকার একটি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রম চালুর অনুমোদন দেয়। সে সময় ঢাকার জুরাইনে অবস্থিত ব্যারিস্টার রফিকুল হক মেডিকেল কলেজ পাঠদানের অনুমতি পায়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন