ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভারতে নয়, শ্রীলঙ্কায় বাংলাদেশের বিশ্বকাপ খেলার প্রস্তাব করেছি : আইন উপদেষ্টা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৯:৫৯ এএম
আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় বাংলাদেশের বিশ্বকাপ খেলার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও ভারতে খেলতে যেতে পারছেন না। ফলে সেখানে বাংলাদেশের পুরো ক্রিকেট দলকে বিশ্বকাপে অংশগ্রহণ করা নিরাপদ মনে হচ্ছে না।

শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় ফেসবুকে এক পোস্টে তিনি এই তথ্য জানান। 

আইন উপদেষ্টা লিখেছেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপের মুখে কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। তিনি এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

আসিফ নজরুল আরও বলেন, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে তিনি বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে নির্দেশ দিয়েছেন, তারা আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করবে। তিনি চেয়েছেন বোর্ড জানাক, যেখানে একজন বাংলাদেশি ক্রিকেটার চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে পুরো দলের জন্য বিশ্বকাপ নিরাপদ নয়। পাশাপাশি, বোর্ডকে বাংলাদেশের বিশ্বকাপ খেলার ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দেওয়ার নির্দেশনা দিয়েছেন।

তিনি আরও লিখেছেন, গোলামির দিন শেষ। তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছি, বাংলাদেশে আইপিএলের সম্প্রচারও বন্ধ করা হোক। আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও জাতিকে অবমাননা মেনে নেব না।