সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচনের প্রস্তুতি এগোচ্ছে, তবে জনগণের আস্থার সংকট এখনো কাটেনি। তিনি সতর্ক করে বলেন, নির্বাচনি ট্রেন ট্র্যাকে উঠলেও রাজনীতিবিদ ও প্রার্থীরা যদি দায়িত্বহীন আচরণ করেন তাহলে যেকোনো সময় তা লাইনচ্যুত হতে পারে।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে বরিশালে সুজন আয়োজিত বিভাগীয় সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ড. বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ক্ষমতা রাজনীতিবিদদের হাতেই রয়েছে। তারা যদি উত্তেজনা, সহিংসতা ও কৌশলি অপচর্চা থেকে সরে আসেন, তবে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব।
তিনি আরও বলেন, নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব নয়। সুশাসন প্রতিষ্ঠা না হলে জনগণ ভোটের অধিকারের দাবিতে বারবার রাজপথে নামতে বাধ্য হবে, যা দীর্ঘ মেয়াদে গণতন্ত্রকে আরও দুর্বল করে দেবে।
সংলাপে বরিশাল বিভাগের ছয় জেলার প্রতিনিধিরা অংশ নেন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও নেতারা তাদের অভিজ্ঞতা, আশঙ্কা ও প্রস্তাব তুলে ধরেন। বক্তারা বলেন, নির্বাচন অবশ্যই গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ, তবে একে কেন্দ্র করেই গণতন্ত্র সীমাবদ্ধ রাখা যায় না। নির্বাচনের পর স্বাধীন, শক্তিশালী ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলাই গণতন্ত্রের মূল চ্যালেঞ্জ।
সংলাপে আরও বলা হয়, জনগণের আস্থা পুনরুদ্ধারে নির্বাচনি ব্যবস্থার সংস্কার এখন সময়ের দাবি। সেই সঙ্গে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য পরিবেশ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা এবং দায়িত্বশীল আচরণ অপরিহার্য।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন