ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনকারী ব্যাংকারদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্বাচনি দায়িত্বে নিয়োগ পাওয়া ব্যাংকারদের অনতিবিলম্বে এই নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি)-১ এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ‘পোস্টাল ব্যালট বিডি’ অ্যাপে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক এই নির্দেশনা দেশে কার্যরত সব তপশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। এতে বলা হয়েছে, পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে ব্যাংকাররা ভোট দিতে পারবেন সরাসরি উপস্থিত না হয়েও।
দেশে এটি প্রথমবারের মতো প্রয়োগ করা হচ্ছে। আগে ব্যাংকারদের মতো সরকারি কর্মকর্তারা, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য, প্রবাসী বাংলাদেশি এবং কয়েদিরাও পোস্টাল ব্যালট ব্যবস্থায় ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।
নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি হলেও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে হবে আগামী ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন