ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘দেশকে ভালো রাখতে হলে খালেদা জিয়াকে অন্তরে ধারণ করতে হবে’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৬:২৩ পিএম
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ছবি- সংগৃহীত

বাংলাদেশকে ভালো রাখতে হলে বেগম খালেদা জিয়াকে অন্তরে ধারণ করতে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘নাগরিক সমাজ’-এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে  এ কথা বলেন তিনি। 

আইন উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়া সৎ ছিলেন, দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন, আত্মত্যাগী ছিলেন, দেশপ্রেমিক ছিলেন। উনার মধ্যে রুচির এক অবিস্মরণীয় প্রকাশ ছিল। পরমতসহিষ্ণু ছিলেন। বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম জিয়াকে ধারণ করতে হবে।

তিনি বলেন, ‘আল্লাহর কাছে হাজার শোকর যে আজ আমরা মুক্তভাবে বেগম জিয়ার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে পারছি।’

আসিফ নজরুল বলেন, বাংলাদেশের মানুষ আজ স্বাধীনভাবে ঘৃণাও প্রকাশ করতে পারছে, স্বাধীনভাবে ভালোবাসাও প্রকাশ করতে পারছে। এজন্য এক নেত্রীর ঠাঁই হয়েছে মানুষের হৃদয়ে, আরেকজনের ঠাঁই হয়েছে বিতাড়িত ভূমিতে।

সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেনের সভাপতিত্বে শোকসভায় উপস্থাপনা করেন আশরাফ কায়সার ও কাজী জেসিন। 

এ সময় দেশের বিশিষ্ট নাগরিক, গবেষক, চিকিৎসক, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন।